বৈভব সূর্যবংশী। ছবি: সমাজমাধ্যম।
গত আইপিএলে বৈভব সূর্যবংশী যা খেলেছে এবং গত এক বছর ধরে বিভিন্ন স্তরের ক্রিকেটে সে যে ভাবে খেলে চলেছে, তাতে ইংল্যান্ড সফরে বৈভবকে না নিয়ে উপায় ছিল না বলেই মনে করেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তাঁর মতে, বৈভব নিজেই নিজেকে বেছে নিয়েছে। প্রধান নির্বাচক কথা বলেছেন শ্রেয়স আয়ারের নেতৃত্ব পাওয়া এবং সূর্যকুমার যাদবের ছাঁটাই নিয়েও।
বৈভবের সম্পর্কে আগরকর বলেন, “আমরা দেখেছি ও কেমন খেলে। আইপিএলের প্লে-অফের কার্যত একার হাতে রাজস্থানকে টেনে নিয়ে গিয়েছে। অত্যন্ত চাপের মধ্যেও ওর মতো তরুণ ক্রিকেটার যে ভাবে খেলেছে, তাতে একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। খুবই প্রশংসনীয়।”
আগরকর আরও বলেছেন, “এই মরসুমে বা তার আগে ও কত ভাল খেলেছে সেটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। গত মরসুমের শুরুটা দুর্দান্ত হয়েছিল ওর। অত্যন্ত চাপের এবং লড়াকু প্রতিযোগিতায় ভাল খেলেছে ও। দেখিয়ে দিয়েছে কতটা বিধ্বংসী খেলতে পারে। বৈভবকে নিয়ে অনেক আশা রয়েছে আমাদের। ও নিজেই নিজেকে বেছে নিয়েছে।”
দিন দুয়েক আগেই জানা গিয়েছিল শ্রেয়স টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে ফিরতে চলেছেন। সেটাই হয়েছে। নতুন অধিনায়ককে নিয়ে আগরকর বলেছেন, “শ্রেয়স গত কয়েক বছর ধরে কী করেছে সেটা সকলেই দেখেছি। আলাদা আলাদা দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য পেয়েছে। এক বার আইপিএল জিতেছে। এ বছরও শুরুটা ভাল হয়েছিল। পরের দিকটা কঠিন গিয়েছে। অধিনায়ক হিসাবে যা করার দরকার সবই করেছে ও। নিজের পারফরম্যান্সও ভাল।”
সূর্যের কারণে যে শ্রেয়স টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাননি তা স্পষ্ট করেছেন আগরকর। তাঁর কথায়, “বিশ্বকাপে সুযোগ পাওয়ার খুব কাছাকাছি ছিল শ্রেয়স। কিন্তু সূর্য থাকায় ওকে দলে রাখার জায়গা পাওয়া যায়নি। তাই অধিনায়কত্বের ব্যাপারে ও সকলের চেয়ে এগিয়ে থাকবে। টি-টোয়েন্টিতে নেতৃত্বদানের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ওর।”
জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজ়ে। আগরকর জানিয়েছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভেবেই এই সিদ্ধান্ত। বলেছেন, “আমরা জানি বুমরাহের গুরুত্ব কতটা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের কথা মাথায় রাখতে হচ্ছে। আমাদের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে, যদি পরের ন’টা টেস্টে ভাল খেলি। যদি বাকি টেস্টের বেশির ভাগ ম্যাচে ওকে খেলানো যায়, তা হলে ফাইনালে উঠতেই পারি। টি-টোয়েন্টি ম্যাচ প্রচুর রয়েছে। যে কোনও সময়ে ওকে খেলানো যেতে পারে। এশিয়ান গেমসে ওকে দলে রাখা হয়েছে। আপাতত টেস্ট এবং এক দিনের ক্রিকেটের জন্য বুমরাহকে ফিট রাখাই আমাদের লক্ষ্য।”
এ দিন যে চারটি দল ঘোষিত হয়েছে, কোনওটিতেই সুযোগ পাননি হার্দিক পাণ্ড্য। তাঁকেও বিশ্রাম দেওয়া হয়েছে বলেই ব্যাখ্যা দিয়েছেন আগরকর। প্রধান নির্বাচকের কথায়, “বুমরাহের মতো ওকেও আমরা এক দিনের ক্রিকেটের জন্য ফিট রাখতে চাই। হার্দিক অনেক দিন এক দিনের ক্রিকেটে খেলেনি। আপাতত এটাই লক্ষ্য।”