আফগানিস্তানের বিরুদ্ধে শতরানের পর শুভমন গিল। ছবি: পিটিআই।
টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়ার পর ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন গিল। শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনই শতরান করেছেন তিনি। দিনের শেষে ১০৩ রানে অপরাজিত তিনি। এই ইনিংসের মাঝে রেকর্ডও গড়েছেন শুভমন। ছাপিয়ে গিয়েছেন ভারতের সকল টেস্ট অধিনায়ককে।
অধিনায়ক হিসাবে টেস্টে ১০০০ রান পূর্ণ হয়েছে শুভমনের। মাত্র ৩৫১ দিনে এই ১০০০ রান করেছেন তিনি। অর্থাৎ, অধিনায়ক হওয়ার এক বছরের মধ্যেই এই কীর্তি করেছেন তিনি। শুভমনই একমাত্র ভারতীয় টেস্ট অধিনায়ক যিনি এত কম সময়ে ১০০০ রান করেছেন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। অধিনায়ক হওয়ার পর টেস্টে ১০০০ রান করতে ৪০৫ দিন নিয়েছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়েছিলেন ৫৩৮ দিন। টেস্ট অধিনায়ক হিসাবে ১০০০ রান করতে বিরাট কোহলির সময় লেগেছিল ৫৯০ দিন। অর্থাৎ, শুভমনই একমাত্র অধিনায়ক যিনি এক বছরের কম সময়ে ১০০০ রান করেছেন।
ভারতের ১১তম টেস্ট অধিনায়ক হিসাবে ১০০০ রান করেছেন শুভমন। ১৫ ইনিংস লেগেছে তাঁর। শুভমনের থেকে কম ইনিংসে ১০০০ রান করেছিলেন সুনীল গাওস্কর। অধিনায়ক হিসাবে ১৪ ইনিংসে ১০০০ রান করেছিলেন তিনি। কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির লেগেছিল ১৮ ইনিংস।
গত বছর জুন মাসে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল শুভমনকে। প্রথম পরীক্ষা ছিল ইংল্যান্ডে। সেখানে লিডসে প্রথম টেস্টেই ১৪৭ রান করেছিলেন তিনি। বার্মিংহ্যামে দুই ইনিংসে ২৬৯ ও ১৬১ রান করেছিলেন শুভমন। ম্যাঞ্চেস্টারে করেছিলেন ১০৩ রান। পরে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১২৯ রান করেছিলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে এল আরও একটি শতরান। এখনও অপরাজিত শুভমন। রবিবার নিজের রান আরও বাড়ানোর সুযোগ রয়েছে তাঁর।