IPL 2026

পরের ম্যাচ থেকে একটা ক্যামেরা বাবার দিকে রাখবেন! দিল্লির বিরুদ্ধে শতরান করে নতুন উল্লাস অভিষেকের

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ বলে অপরাজিত ১৩৫ রান করেছেন অভিষেক শর্মা। সানরাইজ়ার্স হায়দরাবাদের ব্যাটার জানিয়েছেন, বাবার নির্দেশ মেনে শতরান হয়েছে তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১১:১২
Share:

দিল্লির বিরুদ্ধে শতরানের পর অভিষেক শর্মা। ছবি: পিটিআই।

ব্যাট করার সময়ও সারা ক্ষণ কোচিং করিয়ে যান বাবা। সেই নির্দেশ মেনেই সাফল্য অভিষেক শর্মার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ বলে অপরাজিত ১৩৫ রান করেছেন অভিষেক। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, কী ভাবে বাবার নির্দেশ মানেন তিনি। এ বার শতরান করে বদলে গিয়েছে অভিষেকের উল্লাসের ধরনও।

Advertisement

মঙ্গলবার উপ্পল স্টেডিয়ামে দিল্লির বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে অভিষেককে। অর্ধশতরান করতে নিয়েছেন ২৫ বল। পরের ৫০ রান করেছেন ২২ বলে। ১৩৫ রানের ইনিংসে ১০টি চার ও ১০টি ছক্কা মেরেছেন তিনি। খেলা শেষে অভিষেক বলেন, “সত্যি বলতে, অনূর্ধ্ব-১২ দলের হয়ে খেলার সময় থেকে আমার বাব প্রতিটা ম্যাচে সাইট স্ক্রিনের ঠিক পাসে বসে। এই ম্যাচেও বসেছিল। যখনই আমি নন-স্ট্রাইকিং প্রান্তে থাকি, বাবা গ্যালারি থেকেই আমাকে বোঝাতে থাকে, কোন শট খেলতে হবে। পরের ম্যাচ থেকে একটা ক্যামেরা বাবার দিকে রাখবেন। তা হলেই দেখতে পাবেন বাবা কী করে।”

আগে শতরান করলে ডান হাতের আঙুল দিয়ে ইংরেজি ‘এল’ অক্ষর দেখিয়ে উল্লাস করতেন অভিষেক। ‘এল’ অর্থাৎ, লাভ বা ভালবাসা। কিন্তু মঙ্গলবার শতরানের পর দেখা যায়, দু’হাত ভাঁজ করে হাসি মুখে হায়দরাবাদের ডাগআউটের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। তার পর তাঁকে জড়িয়ে ধরেন অধিনায়ক ঈশান কিশন। তার পর ব্যাট আকাশে তুলে উল্লাস করেন তিনি।

Advertisement

অভিষেকের নতুন উল্লাস। ছবি: পিটিআই।

এই ম্যাচে শেষ পর্যন্ত ক্রিজ়ে ছিলেন অভিষেক। তিনি জানিয়েছেন, সাপোর্ট স্টাফ জেমস ফ্র্যাঙ্কলিন তাঁকে এই পরামর্শ দিয়েছিলেন। অভিষেক বলেন, “ফ্র্যাঙ্কির সঙ্গে আমার কথা হয়েছিল। ও আমাকে ২০ ওভার ক্রিজ়ে থাকার পরামর্শ দিয়েছিল। মনে হয় এই প্রথম বার আমি ২০ ওভার ব্যাট করলাম। পিচ খুব সহজ ছিল না। ভাল ক্রিকেট না খেললে রান করা কঠিন ছিল। জানতাম, বড় রান করতে পারলে জিতব। সেটাই করেছি।”

হায়দরাবাদের হয়ে গত মরসুমে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন অভিষেক। এই মরসুমে করলেন ১৩৫ রান। অভিষেক বলেন, “কমলা ব্রিগেডের হয়ে বড় রান করতে ভাল লাগে। শুরুতে খেলার অভিজ্ঞতা থাকলেও ডেথ ওভারে খেলার অভিজ্ঞতা আমার নেই। তাই সমস্যা হচ্ছিল। কিন্তু ক্লাসেন যে ভাবে খেলল, তাতে আমার সুবিধা হল।”

Advertisement

এই শতরান নিজের দিদিকে উৎসর্গ করেছেন অভিষেক। ভাইয়ের খেলা দেখতে প্রায় প্রতি ম্যাচেই হাজির থাকেন তিনি। কিন্তু মঙ্গলবার থাকতে পারেননি। অভিষেক বলেন, “দিদির শরীরটা খারাপ। তাই আসতে পারিনি। এই শতরান ওর জন্য।”

টি-টোয়েন্টিতে নিজের নবম শতরান করেছেন অভিষেক। ভারতীয়দের মধ্যে সর্বাধিক শতরানের তালিকায় বিরাট কোহলিকে ছুঁয়েছেন তিনি। চলতি আইপিএলে ৩২৩ রান করে সকলকে ছাপিয়ে কমলা টুপির তালিকায় শীর্ষে তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement