Natural Gas Discovery

আন্দামান সাগরে জ্যাকপট! বিরাট প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের মিলল খোঁজ, সস্তা হবে এলপিজি?

আন্দামান সাগরে অয়েল ইন্ডিয়ার খোঁড়া অনুসন্ধানমূলক কূপ থেকে বেরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাস! সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৩:০৩
Share:

—প্রতীকী ছবি।

আন্দামান সাগরে ফের জ্যাকপট! আরও এক প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের হদিস পেল ভারত। ইরান যুদ্ধ শুরু হওয়া ইস্তক বিশ্ব জুড়ে তীব্র হয়েছে জ্বালানি সঙ্কট। সেই আঁচে পুড়ছে নয়াদিল্লিও। ফলে ঘরোয়া বাজারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম। এ-হেন পরিস্থিতিতে প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের সন্ধান যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে স্বস্তি দেবে, তা বলাই বাহুল্য।

Advertisement

সম্প্রতি, আন্দামান সাগরে ওই ‘কুবেরের ধন’ খুঁজে পাওয়ার খবর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করে জানান খোদ পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী। এই অবিষ্কারকে ‘শক্তি সম্ভাবনার মহাসাগর’ বলে উল্লেখ করেছেন তিনি। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূলের প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি অনুসন্ধানমূলক কূপ খোঁড়ে অয়েল ইন্ডিয়া লিমিটেড। সেখানেই প্রাকৃতিক গ্যাস মিলেছে বলে জানা গিয়েছে।

অয়েল ইন্ডিয়ার খোঁড়া ওই অনুসন্ধান কূপের পোশাকি নাম হল ‘শ্রী বিজয়াপুরম-৩’। সূত্রের খবর, গত কয়েক বছরে ওই এলাকার তিন জায়গায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালায় সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থা। তার মধ্যে দু’টি স্থানে সাফল্য পেয়েছে তারা।

Advertisement

প্রসঙ্গত, গভীর সমুদ্রে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার খুঁজে পেতে ইতিমধ্যেই ‘সমুদ্রমন্থন মিশন’ শুরু করেছে ভারত। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে এই খাতে খরচের পরিমাণ ১০ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তার মধ্যেই আন্দামান সাগরে মিলল প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের সন্ধান। একে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এক্স হ্যান্ডলের পোস্টে পুরী লিখেছেন, ‘‘৩৫৫ মিটার গভীর জলে শ্রী বিজয়াপুরম-৩ কূপটি খনন করা হয়েছিল। সমুদ্রতলের ইওসিন স্তরে মাটির ১৯০০ মিটারের বেশি গভীরতায় প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে।’’ ভূ-বিশ্লেষকদের একাংশের দাবি, ওই এলাকায় ৩০.৭ কোটি থেকে ৩৭ কোটি মেট্রিক টন পর্যন্ত হাইড্রোকার্বনের খোঁজ পেতে পারে অয়েল ইন্ডিয়া।

প্রাকৃতিক গ্যাসের হদিস মিললেও এর বাণিজ্যিক উৎপাদনের জন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে নয়াদিল্লিকে। বর্তমানে সদ্য খোঁজ মেলা গ্যাসের নমুনা সংগ্রহ করে তার আইসোটোপের গবেষণা চালাচ্ছে অয়েল ইন্ডিয়া। ফলে আপাতত জ্বালানির ৮৫ শতাংশ আমদানি হ্রাসের প্রশ্ন নেই।

কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী পুরী অবশ্য বলেছেন, ‘‘অচিরেই গায়ানার মতো বিরাট প্রাকৃতিক সম্পদের হদিস দেবে আন্দামান সাগর।’’ তাঁর অনুমান সত্যি হলে জ্বালানি সঙ্কট অনেকটাই কাটিয়ে উঠতে পারবে ভারত। তখন ঘরোয়া বাজারে পেট্রল, ডিজ়েল ও রান্নার গ্যাসের দাম কমবে বলে আশাবাদী বিশেষজ্ঞ মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement