—প্রতীকী ছবি।
কখনও নতুন ডেবিট বা ক্রেডিট কার্ড পাওয়ার লোভ। কখনও আবার স্থায়ী আমানতে (ফিক্সড ডিপোজিট বা এফডি) বেশ সুদের হাতছানি। নানা কারণে বেসরকারি সংস্থায় কর্মরতদের অনেকেই বেতনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করে ফেলেন। তবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান। কারণ, এর জন্য অবসরের পর প্রভিডেন্ট ফান্ড বা পিএফের টাকা তোলায় বড় সমস্যার মুখে পড়তে হতে পারে।
বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের নিয়ন্ত্রণকারী সংস্থা হল ইপিএফও (এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন)। অবসরের পর সেখান থেকে পিএফ তুলতে হলে সংশ্লিষ্ট সংস্থাটির কাছে থাকতে হবে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কিন্তু, বেতনের অ্যাকাউন্ট বদল হলে অধিকাংশ সময় সেই তথ্য হাতে পায় না ইপিএফও। এর ফলে কর্মজীবনের শেষে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়ে সমস্যার মুখে পড়েন তাঁরা।
এ দেশের শ্রম আইন অনুযায়ী, বেসরকারি সংস্থার কর্মীদের বেতন থেকে টাকা কেটে নিয়ে তা প্রভিডেন্ট ফান্ডে জমা করে থাকে নিয়োগকারী সংস্থা। উল্লেখ্য, কোনও ব্যক্তি বেতনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইচ্ছামতো বদল করতে পারেন। সে ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বেতনের বিষয়টি নিশ্চিত করতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল সংক্রান্ত যাবতীয় আপডেট নিজের উদ্যোগে করে দেয় নিয়োগকারী সংস্থা।
কিন্তু, এই কাজের সঙ্গে ইপিএফও-র কোনও যোগ নেই। ফলে বেতনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল হলেই যে প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকারী সংস্থা সেটা জেনে যাবে, এমনটা নয়। সেই কাজ গ্রাহককে অর্থাৎ বেসরকারি সংস্থার কর্মীকে নিজের উদ্যোগে করতে হবে। ইপিএফওর অ্যাকাউন্টে ঢুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে পারেন তিনি। ওই কাজ করা না থাকলে অবসরের পর পিএফ পেতে সমস্যা হবে।
তবে ঘরে বসেই এই কাজ করা সম্ভব। ইপিএফওর অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) প্রয়োজন হয়। সেটি ব্যবহার করে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে ঢুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে হবে। তা ছাড়া আধার এবং প্যান (পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর) যাচাই করাও জরুরি।
ইপিএফও-র পোর্টালে ঢুকলে গ্রাহকের চোখে পড়বে ম্যানেজ নামের একটি বিভাগ। সেখানে গিয়ে কেওয়াইসি (নো ইয়োর কাস্টমার) অপশনটি বেছে নিতে হবে। সঙ্গে সঙ্গে কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের স্ক্রিনে ভেসে উঠবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য। শেষ ধাপে সেগুলি মুছে দিয়ে নতুন অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন গ্রাহক। আইএফএসসি কোডও লিখতে হবে তাঁকে।