8th Pay Commission

মাসে সর্বোচ্চ মিলতে পারে প্রায় ১.৭৬ লক্ষ টাকা পেনশন! অষ্টম বেতন কমিশনে কতটা বাড়তে পারে অবসরপ্রাপ্তদের আয়?

অষ্টম বেতন কমিশনের সুপারিশ মেনে সরকারি কর্মচারীদের মাসিক বেতনে সংশোধন করবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এতে কতটা বাড়তে পারে অবসরপ্রাপ্তদের পেনশন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯
Share:

অষ্টম বেতন কমিশনের সুপারিশ মেনে অবসরপ্রাপ্তদের পেনশন বাড়াবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ছবি: (এআই সহায়তায় প্রণীত)

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাস-মাইনে বাড়ানোর লক্ষ্যে কাজ করছে অষ্টম বেতন কমিশন। এর সুফল পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও। কারণ, বেতনের পাশাপাশি সংশ্লিষ্ট কমিশনের সুপারিশ মেনে সংশোধন করা হবে পেনশনও। কী হারে বাড়বে অবসরপ্রাপ্তদের টাকা? সবচেয়ে বেশি লাভবান হবেন কোন পদের কর্মীরা? ইতিমধ্যেই তার চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ।

Advertisement

কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্তদের পেনশনকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। সেগুলি হল মৌলিক (বেসিক লেভেল), মধ্য (মিড লেভেল) এবং উচ্চ স্তরের (হাই লেভেল) পেনশন। অষ্টম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে মাস-মাইনে বা পেনশন বৃদ্ধির বিষয়টি আবার নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর, যা ২.৮৬ শতাংশ পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এখন প্রশ্ন হল, কী এই ফিটমেন্ট ফ্যাক্টর? আর্থিক বিশ্লেষকদের দাবি, বেশ কয়েকটা ভিত্তির উপর নির্ভর করে সরকারি কর্মচারীদের মূল বেতন (বেসিক পে) নির্ধারণ এবং সংশোধন করে কমিশন। একেই বলে ফিটমেন্ট ফ্যাক্টর। নিয়ম অনুযায়ী, সংশোধিত মূল বেতন ঠিক করতে বর্তমান বেসিক পে-র সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করা হয়। ফলে এর অঙ্ক যত বেশি হবে, ততই মাস-মাইনে এবং পেনশন যে বাড়বে, তা বলা বাহুল্য।

Advertisement

বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মৌলিক পেনশন ৯,০০০ টাকা ধার্য করা হয়েছে। অষ্টম বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাক্টরকে ২.০-তে সীমাবদ্ধ রাখলে ওই পেনশন বেড়ে দাঁড়াবে ১৮ হাজার টাকা। একই ভাবে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ বা ২.৮৬ হলে প্রতি মাসে অবসরপ্রাপ্তরা ২৩ হাজার ১০০ টাকা বা ২৫ হাজার ৭৪০ টাকা করে পেনশন পাবেন।

উল্লেখ্য, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে মৌলিক স্তরের পাশাপাশি মধ্যম স্তরের অবসরপ্রাপ্তদেরও বাড়বে পেনশন। বর্তমানে প্রতি মাসে ওই কর্মীরা ২২ হাজার ৪৫০ টাকা করে পেনশন পেয়ে থাকেন। ফিটমেন্ট ফ্যাক্টর ২.০ হলে সেটাই বেড়ে হবে ৪৪ হাজার ৯০০ টাকা। আবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ বা ২.৮৬ হলে আরও বাড়বে তাঁদের পেনশন। সে ক্ষেত্রে টাকার অঙ্ক দাঁড়াবে ৫৭ হাজার ৬৯৭ বা ৬৪ হাজার ২০৭।

কেন্দ্রীয় সরকারির অফিসার গ্রেডের অবসরপ্রাপ্তদের পেনশন সবচেয়ে বেশি। বর্তমানে তাঁরা ন্যূনতম ৬১ হাজার ৫৫০ টাকা পেনশন পেয়ে থাকেন। ফিটমেন্ট ফ্যাক্টর ২.০, ২.৫৭ ও ২.৮৬ হলে তাঁদের সংশোধিত পেনশনের পরিমাণ দাঁড়াবে যথাক্রমে ১ লক্ষ ২৩ হাজার ১০০, ১ লক্ষ ৫৮ হাজার ১৮৩ এবং ১ লক্ষ ৭৬ হাজার ৩৩ টাকা। অর্থাৎ নতুন নিয়মে ন্যূনতম পেনশন দ্বিগুণ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement