— প্রতীকী চিত্র।
আন্তর্জাতিক আমদানি-রফতানিতে টাকার ব্যবহার বাড়ানোর বার্তা দীর্ঘ দিন ধরেই দিচ্ছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। শুক্রবার তাদের ২০২৫-২৬ অর্থবর্ষের বার্ষিক রিপোর্ট জানাল, ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাইয়ে দেশের মুদ্রায় বাণিজ্য বৃদ্ধির বার্ষিক হার দাঁড়িয়েছে ২০.৯%। তাদের বক্তব্য, এই উদ্যোগ ভারত ও বাণিজ্যিক সহযোগীর পক্ষে সুবিধার। পাশাপাশি, টাকার মূল্যের দোলাচল থেকে তা দেশকে বাঁচাতে সাহায্য করবে। কমবে বিদেশি মুদ্রার ভান্ডারে বেশি অর্থ ধরে রাখার প্রয়োজনীয়তা।
পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে টাকার অবমূল্যায়ন এবং বিদেশি মুদ্রা ভান্ডারের পতনের জের অর্থনীতিতে পড়তে পারে বলে জানাচ্ছে কেন্দ্র, আরবিআই। ইতিমধ্যেই এর ফলে আমদানির খরচ বাড়ছে এবং ঘাটতি মাথাচাড়া দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্রমাগত নামছে বিদেশি মুদ্রা তহবিল। এই পরিস্থিতিতে আরবিআই-এর টাকায় বাণিজ্যের বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মত সংশ্লিষ্ট মহলের।
এ দিকে বেশ কয়েক বছর ধরেই নিজেদের ডিজিটাল মুদ্রা ‘ই-রুপির’ পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে আরবিআই। এ বার ভারতের বাইরে তাকে ছড়িয়ে দিতে এবং দেশে ভর্তুকির টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছতে ও খুচরো লেনদেনে এই ডিজিটাল মুদ্রা ব্যবহারে উদ্যোগী তারা। যদিও রিজ়ার্ভ ব্যাঙ্কের রিপোর্টই বলছে খুচরো লেনদেনের জন্য আনা ‘ই-রুপি রিটেল’ ২০২৫-২৬ সালে বাজারে ২৪.০৮% কমে হয়েছে ৭৭১.৬৬ কোটি টাকা। একাংশের বক্তব্য, ফলে ডিজিটাল মুদ্রার ব্যবহার বৃদ্ধি নিয়ে শীর্ষ ব্যাঙ্কের উদ্যোগ কত দিনে সফল হবে, সেই প্রশ্ন থাকছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে