—প্রতীকী ছবি।
পয়লা বৈশাখের মুখে ‘টাটা কনসালটেন্সি সার্ভিসেস’ বা টিসিএসের স্টকে লগ্নিকারীদের জন্য সুখবর। তাঁদের পকেট ভরাতে মোটা অঙ্কের লভ্যাংশের ঘোষণা করেছে দেশের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি সংস্থা। ফলে স্টকপিছু এক টাকার ফেস ভ্যালুতে ৩১ টাকা পাবেন তাঁরা। অর্থাৎ, লভ্যাংশ বাবদ বিনিয়োগকারীদের হাতে ৩,১০০ শতাংশ বাড়তি অর্থ দিতে চলেছে টিসিএস।
চলতি বছরের ৯ এপ্রিল, বৃহস্পতিবার গত অর্থবর্ষের (২০২৫-’২৬) চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) ফলাফল ঘোষণা করে টাটা গোষ্ঠীর এই তথ্যপ্রযুক্তি সংস্থা। তখনই লগ্নিকারীদের মধ্যে চূড়ান্ত লভ্যাংশ বিলির কথা জানিয়ে দেয় তারা। পাশাপাশি, এ ব্যাপারে একটি বিবৃতিও জারি করেছে টিসিএস।
সেখানে বলা হয়েছে, ৩১তম বার্ষিক সাধারণ সভা বা এজিএম (অ্যানুয়াল জেনারেল মিটিং) শেষ হওয়ার তিন দিনের মাথায় লগ্নিকারীদের অ্যাকাউন্টে ঢুকবে লভ্যাংশের টাকা। এজিএমে এ ব্যাপারে অনুমোদন দেবেন বিনিয়োগকারীরাই। বার্ষিক সাধারণ সভার বৈঠক আগামী জুনে বসবে বলে মনে করা হচ্ছে।
চতুর্থ ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করেছে টিসিএস। এই সময়সীমায় টাটা গোষ্ঠীর তথ্যপ্রযুক্তি সংস্থাটির সমন্বিত মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৭১৮ কোটি টাকা। আগের আর্থিক বছরের (২০২৪-’২৫) শেষ তিন মাসের নিরিখে যা ১২.২ শতাংশ বেশি। ২০২৫ সালের জানুয়ারি-মার্চের মধ্যে টিসিএসের সমন্বিত মুনাফার অঙ্ক ১২ হাজার ২২৪ কোটি টাকায় আটকে ছিল।
এ ছাড়া চলতি বছরের প্রথম তিন মাসে সংস্থা পরিচালন থেকে প্রাপ্ত সমন্বিত রাজস্বের পরিমাণ বছর থেকে বছরের (ইয়ার অন ইয়ার) ভিত্তিতে ৯.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টাকার অঙ্কে যেটা ৭০ হাজার ৬৯৮ কোটি। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে সংস্থা পরিচালন থেকে টিসিএসের প্রাপ্ত সমন্বিত রাজস্বের পরিমাণ ছিল ৬৪ হাজার ৪৭৯ কোটি টাকা।
এই নিয়ে ধারাবাহিক ভাবে তিন মাসের ভিত্তিতে টাটা গোষ্ঠীর তথ্যপ্রযুক্তি সংস্থাটির মুনাফা বৃদ্ধি পেল ২৮.৭ শতাংশ। এ ছাড়া ত্রৈমাসিক থেকে ত্রৈমাসিকের হিসাবে রাজস্ব বৃদ্ধি পেয়েছে ৫.৪ শতাংশ। আর কনস্ট্যান্ট কারেন্সি বা স্থির মুদ্রার নিরিখে তিন মাসের ভিত্তিতে রাজস্বের সূচক ১.২ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে বলে জানা গিয়েছে।
৯ তারিখ চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর গণমাধ্যমের কাছে মুখ খোলেন টিসিএসের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর কে কৃতিবাসন। তাঁর কথায়, “টানা তিনটে ত্রৈমাসিকে সংস্থার বৃদ্ধির সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। মনে রাখতে হবে, এই সময়ের মধ্যে আমরা তিনটে বিরাট চুক্তি চূড়ান্ত করতে পেরেছি, যার একটা ১২০০ কোটি ডলারের।’’ পাশাপাশি, টিসিএসের ‘পাঁচ স্তম্ভ’ বিশিষ্ট ব্যবসার কৌশল এবং কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নির্ভর জোরালো অবস্থানের কথাও বলেছেন তিনি।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)