FD Interest Increase

মুদ্রাস্ফীতির কাঁটা, সঙ্গে নগদের সঙ্কট, রেপো রেট অপরিবর্তিত থাকা সত্ত্বেও স্থায়ী আমানতে বদলাবে সুদের হার?

চলতি বছরের ৮ এপ্রিল মুদ্রানীতি কমিটির বৈঠকের শেষে রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। ফলে এ বার কি স্থায়ী আমানত বা এফডিতে (ফিক্সড ডিপোজ়িট) সুদের হার বৃদ্ধি করবে সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক? তুঙ্গে জল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৬:৫৬
Share:

—প্রতীকী ছবি।

নতুন আর্থিক বছরের (২০২৬-’২৭) শুরুতে রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক বা আরবিআই। তাদের এই সিদ্ধান্তের জেরে আশাবাদী স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজ়িট বা এফডি) লগ্নিকারীরা। কারণ, এ বার ওই বিনিয়োগের উপর বাড়তে পারে সুদ। বিষয়টি নিয়ে অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কোনও সরকারি-বেসরকারি ব্যাঙ্ক।

Advertisement

উল্লেখ্য, রেপো রেটের সঙ্গে স্থায়ী আমানত বা এফডির সুদ সরাসরি সম্পৃক্ত নয়। মুদ্রাস্ফীতি, সরকারি বন্ড এবং স্বল্প সঞ্চয় প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা এর সূচককে ঊর্ধ্ব বা নিম্নমুখী করতে পারে। যদিও অতীতের পরিসংখ্যান অন্য কথা বলছে। কারণ, আরবিআই রেপো রেট হ্রাস করলে সাধারণ ভাবে এ দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি এফডিতে সুদ কমিয়ে থাকে।

একটা উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যেতে পারে। গত বছরের (২০২৫ সাল) এপ্রিলে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট হ্রাস করে রিজ়ার্ভ ব্যাঙ্ক। ফলে সুদের হার ৬.২৫ শতাংশ থেকে ৬ শতাংশে নেমে আসে। ওই সময় এফডির সুদও গড়ে ০.২৫ শতাংশ কমেছিল। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর থেকে রেপো রেট ৫.২৫ শতাংশে স্থির রেখেছে আরবিআই। ফলে স্থায়ী আমানতেও সুদের হার সে ভাবে বাড়তে বা কমতে দেখা যায়নি।

Advertisement

বর্তমানে সরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে এফডিতে সর্বাধিক সুদ দিচ্ছে পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। প্রথমটির ক্ষেত্রে ৬৬৬ দিনের স্থায়ী আমানতে বার্ষিক ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহক। দ্বিতীয়টিতে ৪০০ দিনের এফডিতে সুদের হার ৬.৬৫ শতাংশ। বেসরকারি আর্থিক সংস্থাগুলির মধ্যে আবার এ ব্যাপারে এগিয়ে আছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এসবিএম ব্যাঙ্ক ইন্ডিয়া।

আইডিএফসিতে বর্তমানে ৩৯০ দিনের একটি এফডি প্রকল্প রয়েছে। তাতে সুদের হার ৭.৪ শতাংশ। এসবিএম আবার ১৮ মাসের বেশি থেকে ২ বছর ৩ দিনের কম মেয়াদের স্থায়ী আমানতে বার্ষিক ৭.৩ শতাংশ হারে সুদ দিচ্ছে। সরকারি এবং বেসরকারি দু’টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এফডিতে চক্রবৃদ্ধি হারে সুদের হিসাবে মুনাফার সুবিধা পাবেন গ্রাহক।

Advertisement

চলতি বছরের ৮ এপ্রিল রেপো রেট অপরিবর্তিত রাখার পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র। গত বছরের (২০২৫ সাল) ডিসেম্বরে এর সূচক দাঁড়িয়েছিল ১.৩৩ শতাংশে। এ বছরের ফেব্রুয়ারিতে সেটাই বেড়ে ৩.২১ শতাংশ হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের আগুন দাম এবং অন্যান্য ভূরাজনৈতিক অস্থিরতার জেরে যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এ-হেন পরিস্থিতিতে আবার ভারতীয় ব্যাঙ্কগুলি কিছুটা নগদ সঙ্কটের মুখে পড়েছে। তাই ফিনটেক সংস্থা ‘ব্যাঙ্কবাজার ডট কম’-এর সিইও আধিল শেঠি মনে করেন, ‘‘রেপো রেপো অপরিবর্তিত থাকলেও এ বার এফডিতে সুদের হার সামান্য বাড়াতে পারে সরকারি-বেসরকারি ব্যাঙ্ক। তাদের দেওয়া ঋণের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। ফলে টাকার পরিমাণ বাড়াতে স্থায়ী আমানতকে আকর্ষণীয় করতে পারে তারা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement