Piped Natural Gas

কাজ শেষের পথে, চলতি অর্থবর্ষেই কলকাতার বিস্তীর্ণ এলাকায় পাইপবাহিত রান্নার গ্যাস

অনুপম জানান, রাজ্যে নির্বাচনের জন্য মাস তিনেক কাজ একটু শ্লথ হয়েছিল। তবে নতুন সরকার আসার পরে ছাড়পত্র নিয়ে সমস্যা হয়নি। সব দ্রুত গতিতে এগোচ্ছে।

অঙ্কুর সেনগুপ্ত

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৭:১৬
Share:

সব ঠিকঠাক চললে আগামী বছরের প্রথমার্ধ অর্থাৎ চলতি অর্থবর্ষেই (২০২৭-এর মার্চের মধ্যে) কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকায় পাইপবাহিত রান্নার গ্যাস (পিএনজি) সরবরাহের পরিষেবা চালু হয়ে যাবে। এই শহর এবং শহরতলিতে তা দেওয়ার বরাত রয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানির হাতে। সংস্থা সূত্রে খবর, যশোর রোডে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা ও ভিআইপি রোডের হলদিরাম এলাকায় ৩-৩.৫ কিলোমিটার পাইপ বসানো হয়ে গেলে মোটামুটি বারুইপুর পর্যন্ত পিএনজি মিলবে। সংস্থার সিইও অনুপম মুখোপাধ্যায় বলেন, ‘‘বহু সমস্যা কাটিয়ে অবশেষে শহর কলকাতায় সাধারণ মানুষের জন্য রান্নার গ্যাস পরিষেবা চালুর একেবারে দোড়গোড়ায় পৌঁছে গিয়েছি। এখন যশোর রোড এবং ভিআইপি রোডে ৩ কিলোমিটার মতো পাইপ বসানোর কাজ বাকি। এই লাইনে ‘ভাল্‌ভ’ বসানোর পরে গ্যাস বাইপাস ধরে সোজা বারুইপুর পর্যন্ত পাওয়া যাবে। এয়ারপোর্ট থেকে বাইপাস হয়ে বারুইপুর পর্যন্ত গ্যাসের মূল পাইপ ইতিমধ্যেই বসানো হয়ে গিয়েছে।

অনুপম জানান, রাজ্যে নির্বাচনের জন্য মাস তিনেক কাজ একটু শ্লথ হয়েছিল। তবে নতুন সরকার আসার পরে ছাড়পত্র নিয়ে সমস্যা হয়নি। সব দ্রুত গতিতে এগোচ্ছে। তাই এই লক্ষ্যমাত্রা। যদিও কলকাতায় পাইপ বসানোর খরচ কত হবে তা নিয়ে এখনও পুরসভার সঙ্গে একটা জট রয়েছে। বেঙ্গল গ্যাস সূত্রের খবর, সরকার বদলের পরে সেই সংক্রান্ত কাজও এগোচ্ছে। শীঘ্রই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যা ইতিবাচক হওয়ার আশা। সেটা হলে, মূল পাইপলাইন থেকে শাখা ও উপশাখাগুলির কাজও শুরু হয়ে যাবে, জানান তিনি। অনুপমের কথায়, ‘‘খরচ চূড়ান্ত হলে রাস্তা কাটার জন্য ছাড়পত্র জমা দেব। দ্রুত পরিষেবা দেওয়ার প্রক্রিয়া এগোবে। মাসখানেকের মধ্যেই গ্রাহকদের সংযোগ দিতে পারব।’’

উল্লেখ্য, বর্তমানে কলকাতা পুর এলাকার মধ্যে একমাত্র বাইপাসের অভিষিক্তা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত পাইপলাইন বসেছে। আর আনন্দপুর এলাকার একটি অভিজাত আবাসন-সহ হাতে গোনা কয়েকটি আবাসনে পিএনজি দেওয়া হয়। সূত্র জানাচ্ছে, কেন্দ্র সারা দেশে পাইপের গ্যাসে জোর দিচ্ছে। তাই কলকাতায় পরিষেবা চালুর বিষয়টিতেও কড়া নজর রাখছে পেট্রলিয়াম মন্ত্রক। যে কারণে কোমরবেঁধে নেমেছে বেঙ্গল গ্যাসও। এখন উত্তর ২৪ পরগনার শ্যামনগর পর্যন্ত গ্যাস চার্জ হয়ে গিয়েছে। তার পরে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে পাইপলাইন এসেছে এয়ারপোর্টে। সেখান থেকে ভিআইপি রোড দিয়ে বাইপাস ধরে বারুইপুরে। এর মধ্যেই তিন কিলোমিটারের কাজটুকু শেষ হলে মাস ছয়েকের মধ্যে গ্যাস সম্ভবত বারুইপুর পর্যন্ত পৌঁছবে। সূত্রের দাবি, শীঘ্রই পিএনজি পরিষেবা শুরু হবে হুগলির চন্দননগরে। তারপর চুঁচড়া, ব্যারাকপুর ও নৈহাটিতে। আশা, সবই হবে চলতি বছরের মধ্যে। বেঙ্গল গ্যাস এখন কল্যাণীতে বাড়ি বাড়ি রান্নার গ্যাস দিচ্ছে। এই এলাকাগুলিতে পরিষেবা চালুর পরেই কলকাতায় পুরোদস্তুর পিএনজি জোগানোর পরিকল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন