—প্রতীকী চিত্র।
ভারতে পুরুষদের ফুটবল বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণা হতেই শেয়ারবাজারে শোরগোল। হু-হু করে বাড়ল ওই বিনোদন সংস্থার স্টকের দর। ফলে সেনসেক্স-নিফটির সূচক পতনেও লগ্নিকারীদের একাংশের পকেটে এসেছে মোটা টাকা। আগামী কয়েক দিন এই প্রবণতা বজায় থাকার ইঙ্গিত দিয়েছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।
সোমবার, ১ জুন প্রকাশ্যে আসে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের নাম। জানা যায়, খেলা দেখানোর জন্য আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থার সঙ্গে চুক্তি করেছে জ়ি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ় লিমিটেড। এর পরই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এর শেয়ারের দর। ফলে বাম্পার মুনাফা করেন বিনিয়োগকারীরা।
এ দিন বাজার বন্ধ হলে দেখা যায় ৯৩.৯৭ টাকায় দাঁড়িয়ে আছে জ়ি এন্টারটেনমেন্টের শেয়ার। সোমবার এর দাম বেড়েছে ০.৯২ শতাংশ। একসময় ৯৯.৮০ টাকায় ঘোরাফেরা করছিল সংশ্লিষ্ট টিভি চ্যানেলটির স্টক। ওই সময় এর সূচক বৃদ্ধি পায় সাত শতাংশ, দুপুরের পর থেকে যাকে নিম্নমুখী হতে দেখা গিয়েছে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, ১ জুন বাজার খোলার সময় জ়ি এন্টারটেনমেন্টের শেয়ারের দাম ছিল ৯৪.১০ টাকা। স্টকটির দিনের মধ্যে সর্বনিম্ন দাম দাঁড়ায় ৯২.৫৪ টাকা। শেষ পাঁচ দিনে লগ্নিকারীদের ১১.৬৮ শতাংশ মুনাফা দিয়েছে সংশ্লিষ্ট বিনোদন সংস্থা। আর এক মাসে স্টকটির দাম বেড়েছে ৩.৪৭ শতাংশ।
বছর থেকে দিনের হিসাবে জ়ি এন্টারটেনমেন্টের শেয়ারে লাভ হয়েছে ৩.৮৬ শতাংশ। তবে গত ছ’মাসে ৬.১৪ শতাংশ সস্তা হয়েছে এই বিনোদন সংস্থার স্টক। তা ছাড়া শেষ এক বছরেও লাভ করতে পারেননি এর বিনিয়োগকারীরা। সেখানে প্রায় ২৭ শতাংশ লোকসানের মুখ দেখতে হয়েছে তাঁদের।
আগামী ১১ জুন থেকে শুরু হবে ২০২৬ পুরুষদের ফুটবল বিশ্বকাপ। এই প্রতিযোগিতার ম্যাচগুলি ভারতে সম্প্রচার করতে মোট চারটি চ্যানেল চালু করেছে জ়ি এন্টারটেনমেন্ট। সেগুলি হল— ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। পাশাপাশি, জ়ি-ফাইভ অ্যাপেও খেলা দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপের ম্যাচ দেখাতে ফিফার সঙ্গে কত টাকার চুক্তি করেছে জ়ি এন্টারটেনমেন্ট, তা অবশ্য স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, ভারতীয় মুদ্রায় সেটা প্রায় ৩৩২ কোটি টাকা হতে পারে। এ বারের বিশ্বকাপের পাশাপাশি ২০২৭ সালের মহিলাদের ফুটবল বিশ্বকাপ, ২০৩০ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ-সহ মোট ৩৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতা দেখাবে তারা।