টুকরো খবর

গুজরাতের কারখানা সুজুকি-কে গড়তে দেওয়া নিয়ে মারুতির বিরুদ্ধে এ বার সেবির দ্বারস্থ হল সংস্থায় লগ্নিকারী মিউচুয়াল ফান্ড ও অন্যান্য আর্থিক সংস্থা। তাদের আর্জি, এ ক্ষেত্রে সংস্থায় ছোট শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষিত রাখতে হস্তক্ষেপ করুক বাজার নিয়ন্ত্রক।

Advertisement
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৪ ০২:৪৭
Share:

সেবি-র দরজায় মারুতিতে লগ্নিকারী আর্থিক সংস্থাগুলি

Advertisement

সংবাদ সংস্থা • মুম্বই

গুজরাতের কারখানা সুজুকি-কে গড়তে দেওয়া নিয়ে মারুতির বিরুদ্ধে এ বার সেবির দ্বারস্থ হল সংস্থায় লগ্নিকারী মিউচুয়াল ফান্ড ও অন্যান্য আর্থিক সংস্থা। তাদের আর্জি, এ ক্ষেত্রে সংস্থায় ছোট শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষিত রাখতে হস্তক্ষেপ করুক বাজার নিয়ন্ত্রক। নিশ্চিত করুক সংস্থা পরিচালনায় স্বচ্ছতার বিষয়টিও। গুজরাতে যে-কারখানা মারুতি-সুজুকির গড়ার কথা ছিল, তা মূল সংস্থা সুজুকি তৈরি করবে বলে গত ২৮ জানুয়ারি জানিয়েছিল মারুতি। তাদের দাবি ছিল, এর ফলে আর্থিক ভাবে লাভবান হবে সংস্থা। সুফল কুড়োবেন ছোট শেয়ারহোল্ডাররাও। যে কারণে এই প্রস্তাবে সায় দিয়েছে পরিচালন পর্ষদ। কিন্তু গোড়া থেকেই মারুতি-সুজুকিতে লগ্নিকারী বিমা, মিউচুয়াল ফান্ড ও অন্য আর্থিক সংস্থার অভিযোগ, এর ফলে ধাক্কা খাবে সংস্থার স্বার্থ। ধীরে ধীরে মারুতি পরিণত হবে মূল সংস্থার খোলসে। কারণ সুজুকি কারখানা গড়লে, গাড়ির তৈরির কাজে সেই ‘আউটসোর্সিং’ আদৌ ভাল হবে না মারুতির পক্ষে। এক দিকে রয়্যালটি বাবদ যেমন বেশি টাকা গুনতে হবে, তেমনই শুধুই তৈরি গাড়ির বিপণন সংস্থা হয়ে দাঁড়াবে মারুতি।

Advertisement

ভারতেই এস-ক্লাস তৈরি করছে মার্সিডিজ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়া নতুন এস-ক্লাস গাড়ির চাহিদা মেটাতে এ বার ভারতে পুণের চাকন কারখানায় ওই গাড়ি যন্ত্রাংশ জুড়ে তৈরি শুরু করল। আজই চাকনে প্রথম তৈরি হল এস-৫০০ গাড়িটি। সংস্থা জানিয়েছে, এর জেরে ভারতে গাড়িটির দাম কমলো ২১ লক্ষ টাকা পর্যন্ত। তার কারণ ৪০% যন্ত্রাংশই স্থানীয় সংস্থার কাছ থেকে কেনা। ফলে এস-৫০০ গাড়ির দাম মুম্বইয়ে ১.৫৭ কোটি থেকে কমে হল ১.৩৬ কোটি টাকা।

নয়া বাণিজ্যিক গাড়ি

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

নতুন হাল্কা বাণিজ্যিক গাড়ি ‘পার্টনার’ বাজারে আনল অশোক লেল্যান্ড। নিসানের সঙ্গে যৌথ উদ্যোগে আনা এই গাড়িটিতে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, পাওয়ার স্টিয়ারিং-সহ চালকের স্বাচ্ছন্দ্যের জন্য একগুচ্ছ সুবিধা পাওয়া যাবে বলে দাবি সংস্থাটির। কলকাতায় মোট চারটি মডেলের এই গাড়ির দাম পড়বে ৮.৮২ লক্ষ থেকে ৯.৪২ লক্ষ টাকার মধ্যে।

স্পট এক্সচেঞ্জ কাণ্ডে সিবিআই তল্লাশি

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ (এনএসইএল)-এর প্রতিষ্ঠাতা জিজ্ঞেশ শাহের বাড়ি-সহ বৃহস্পতিবার ১৫টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই। রাষ্ট্রায়ত্ত বাণিজ্য সংস্থা পিইসি-র লগ্নি নিয়ে প্রতারণা ও দুর্নীতি সংক্রান্ত অভিযোগে এফআইআর দায়ের করার পর তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে গোয়েন্দা সংস্থাটি। একই কাণ্ডে এনএসইএলের প্রাক্তন সিইও অঞ্জনি সিংহ ও পিইসি-র কয়েক জন কর্তাকেও অভিযুক্ত করেছে সিবিআই। তল্লাশি চলে সিংহের বাড়িতেও।

আর্থিক সংস্কার নিয়ে চিনের প্রতিশ্রুতি

সংবাদ সংস্থা • বেজিং

চিনা অর্থনীতির সমস্যা মেটাতে সংস্কারের গতি বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন সে দেশের প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং। সম্প্রতি চিনের ধার ছাড়িয়ে গিয়েছে ৩.৪ লক্ষ কোটি ডলার। এই প্রথম কোনও কর্পোরেট বন্ডের টাকা সময় মতো শুধতে পারেনি তারা। ফলে আশঙ্কা তৈরি হয়েছে চিনা অর্থনীতি নিয়ে। এই পরিস্থিতিতে সংস্কারের ওই আশ্বাস দিয়েছেন খ্যছিয়াং।

বৃহস্পতিবার কলকাতায় কোল ইন্ডিয়ার সদর দফতরের সামনে ধর্মঘটী অফিসাররা। বেতন বৃদ্ধি ইত্যাদির দাবিতে এ দিনই শুরু হল কোল মাইন্স অফিসার্স অ্যাসোসিয়েশনের ডাকা তিন দিনের ধর্মঘট। তবে কয়লা উৎপাদন চালু রাখতে বেশ কিছু কাজের দায়িত্ব অফিসারদের পরিবর্তে সুপারভাইজরদের হাতে দিয়েছেন সংস্থা কর্তৃপক্ষ।—নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement