ফের নজির গড়ে বন্ধ হল সূচক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
টানা বেড়ে চলেছে শেয়ার বাজার। বুধবার সেনসেক্স বেড়েছে মাত্র ৪০.০৯ অঙ্ক। তবে বাজার বন্ধের সময়ে তা ২২,০৯৫.৩০ অঙ্কে উঠে ফের গড়েছে নতুন নজির। এ দিন টাকার দামও বেড়েছে ৩৪ পয়সা। বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম হয়েছে ৬০.১৪ টাকা। আট মাসে যা সর্বোচ্চ। এ দিন সূচক বেড়েছে মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শেয়ার বাজার চাঙ্গা হওয়ার প্রভাবে। মার্কিন আর্থিক হাল ফেরার ইঙ্গিতের ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের শেয়ার বাজারগুলিতে। তবে শেয়ার অবশ্য বাড়ছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির বিনিয়োগের হাত ধরেই। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, এই দিনও বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি দেশে ১২২৩ কোটি টাকার বেশি শেয়ার কিনেছে। সেনসেক্স চলতি বছরে ৪.৬% বেড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। যে প্রধান চারটি দেশ আর্থিক দিক দিয়ে দ্রুত উন্নতি করছে, তাদের শেয়ার সূচকের মধ্যে সেনসেক্সের উত্থানই হয়েছে সব থেকে বেশি। বাকি দেশগুলির মধ্যে রয়েছে চিন, ব্রাজিল ও রাশিয়া। তবে মার্কিন আর্থিক হাল ফেরার খবরের পাশাপাশি বাজার মহলের আশা, এ বার সুদ কমানোর সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ১ এপ্রিল ঋণনীতি পর্যালোচনায় বসছে তারা। এক দিকে মূল্যবৃদ্ধির হার কমা, অন্য দিকে টাকার দাম বাড়ার ফলে দেশের আর্থিক ক্ষেত্রে এই মুহূর্তে যে-পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা রিজার্ভ ব্যাঙ্ককে সুদ কমানোর জন্য পদক্ষেপ করতে উৎসাহ দেবে বলে আশায় বুক বেঁধে রয়েছে বাজার মহল। আর এই ধারণা ছড়িয়ে পড়াতেই চাহিদা বেড়েছে ব্যাঙ্ক ও সুদের বাজারের সঙ্গে সরাসরি যুক্ত গাড়ি এবং আবাসন নির্মাতা সংস্থার শেয়ারের।
নোকিয়া অধিগ্রহণ পিছোল এক মাস
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
এশিয়ার কয়েকটি দেশে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি না-মেলায় এক মাসের জন্য পিছিয়ে গেল মাইক্রোসফটের হাতে নোকিয়া বিক্রি হয়ে যাওয়ার প্রক্রিয়া। তবে শীঘ্রই ওই সায় পাওয়া যাবে বলে আশাবাদী নোকিয়া। ভারতে সংস্থার কর বিতর্ক অধিগ্রহণ প্রক্রিয়ায় খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করছে ফিনল্যান্ডের মোবাইল সংস্থাটি। নোকিয়ার দাবি, ইতিমধ্যেই বিশ্ব জুড়ে ৫টি মহাদেশের ১৫টি দেশে মাইক্রোসফটকে সংস্থা বিক্রি করে দেওয়ার জন্য প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে তারা। এখন শুধুমাত্র এশিয়ার কয়েকটি দেশে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পাওয়া বাকি। উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই ৭২০ কোটি ডলারে নোকিয়া হাতে নিতে চুক্তি করে বিল গেটসের মাইক্রোসফট।
হলদিয়া শোধনাগারে সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস নববর্ষে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
আগামী ১ বৈশাখ হলদিয়ায় আইওসির তেল শোধনাগারের নতুন সম্প্রসারণ প্রকল্প ‘ডিলেড কোকার প্ল্যান্ট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সংস্থার চেয়ারম্যান। বুধবার হলদিয়া পেট্রোকেমের কর্মীদের এক সভায় এ কথা জানান তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। আইওসি পরিচালন পর্ষদ সম্প্রতি ওই প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রকল্পের জন্য ব্যয় হবে ৩,৩০০ কোটি টাকা। হলদিয়া তেল শোধনাগার সম্প্রসারণের সিদ্ধান্ত আগেই নেওয়া হলেও সেখানে সার্বিক ভাবে পরিবেশ সংক্রান্ত বিধিনিষেধের কারণে থমকে গিয়েছিল প্রকল্পের কাজ। গত বছর সেপ্টেম্বর মাসে এই নিষেধাজ্ঞা তুলে নেয় কেন্দ্র। তার পর আইওসি-ও নিজেদের লগ্নি কার্যকর করার পথে এগোয়। সেই অনুযায়ী, শোধনাগারের পাশেই ৮০ একর জমিতে আরও একটি কারখানা গড়বে আইওসি।
সিইএসসি-র বিজ্ঞপ্তি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মেরামতির কাজ চলবে বলে কাল, শুক্রবার বিকেল ৪টে থেকে মঙ্গলবার পর্যন্ত সিইএসসি-র তারাতলা রোডের অফিস বন্ধ থাকবে। সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। পরিবর্তে গ্রাহকেরা শনি ও সোমবার সংস্থার বেহালা চৌরাস্তা অফিসে বিল জমা দিতে পারবেন।
হুন্ডাইয়ের নতুন ছোট সেডান এক্সেন্ট। সম্প্রতি দেশের বাজারে পা রাখল এই গাড়ি।
নয়াদিল্লিতে এর দাম শুরু ৪.৬৬ লক্ষ টাকা থেকে। এর ফলে কমপ্যাক্ট সেডানের
বাজারেপ্রতিযোগিতা বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি গাড়িটির
প্রদর্শনে সংস্থার কর্তা সিএইচ হান। ছবি: পিটিআই।