টুকরো খবর

বাজেটের আগে অনিশ্চিত হয়ে উঠছে শেয়ার বাজার। দ্রুত ওঠা-নামা করছে সূচক। সোমবার এক লাফে সেনসেক্স উঠেছে ৩১৪ পয়েন্ট। দিনের শেষে সূচক এসে দাঁড়ায় ২৫,৪১৩.৭৮ অঙ্কে। বাজার উঠলেও এ দিন ৯ পয়সা পড়েছে টাকার দাম। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৬০.১৭ টাকা। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমায় লগ্নিকারীরা উৎসাহিত হয়ে উঠেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

Advertisement
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ০৩:০৩
Share:

সেনসেক্স বাড়ল ৩১৪ পয়েন্ট

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বাজেটের আগে অনিশ্চিত হয়ে উঠছে শেয়ার বাজার। দ্রুত ওঠা-নামা করছে সূচক। সোমবার এক লাফে সেনসেক্স উঠেছে ৩১৪ পয়েন্ট। দিনের শেষে সূচক এসে দাঁড়ায় ২৫,৪১৩.৭৮ অঙ্কে। বাজার উঠলেও এ দিন ৯ পয়সা পড়েছে টাকার দাম। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৬০.১৭ টাকা। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমায় লগ্নিকারীরা উৎসাহিত হয়ে উঠেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। অন্য দিকে এ দিন জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান-সহ এশিয়ার বেশ কিছু শেয়ার বাজার তেজী হয়ে ওঠে। এর ইতিবাচক প্রভাবও পড়েছে ভারতে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসেই সেনসেক্সের উত্থান হয়েছে ৩,০২৭.৫১ অঙ্ক। বিদেশি আর্থিক সংস্থাগুলির পাশাপাশি ভারতীয় লগ্নিকারীরাও ফের শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেছেন বলে বাজার সূত্রের খবর। শুধু তাই নয়, বাজারে আস্থা ফিরছে খুচরো লগ্নিকারীদেরও। তাঁরাও ক্রমশ বাজারে ফিরে আসছেন। বিশেষজ্ঞরা খুচরো লগ্নিকারীদের এই ফিরে আসাকে শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

Advertisement

রিলায়্যান্সের ১১ কোটি টাকার জরিমানা বহাল

Advertisement

সংবাদ সংস্থা • মুম্বই

বেআইনি শেয়ার লেনদেন মামলায় রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল)-কে ১১ কোটি টাকা জরিমানার যে-নির্দেশ সেবি গত বছর দিয়েছিল, সোমবার তা বহাল রাখল সেবির আপিল আদালত স্যাট। এটাই সেবির তরফে সর্বোচ্চ জরিমানা। সাত বছর আগে আরআইএলের সঙ্গে রিলায়্যান্স পেট্রোলিয়াম (আর পি এল) মেশার সময়ে বেআইনি শেয়ার লেনদেনের অভিযোগ এনেছিল সেবি। এর বিরুদ্ধে ২০১০-এ স্যাটে আবেদন করে আরআইএল। এ দিন সেই আবেদন খারিজ হয়ে যায়। উল্লেখ্য, আরপিএলকে আরাইএলে মিশিয়ে দেওয়ার ঠিক আগে আরপিএল ইন্ডিয়ান পেট্রোকেমের বিপুল পরিমাণ শেয়ার কেনে, যার প্রভাব পড়ে বাজারে। তার ঠিক পরেই ইন্ডিয়ান পেট্রো-কে অধিগ্রহণ করে আরআইএল। এই বেআইনি লেনদেন নিয়েই অভিযোগ আনে সেবি। তবে আরআইএল জানায়, অধিগ্রহণের কথা জানত না আরপিএল।

রাজকোষ ঘাটতি ২.৪ লক্ষ কোটি

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

২০১৪-’১৫ অর্থবর্ষের প্রথম দু’মাসেই কেন্দ্রের রাজকোষ ঘাটতি ছুঁয়েছে ২.৪ লক্ষ কোটি টাকা, যা বাজেটের সারা বছরের জন্য হিসাবের ৪৫.৬%। গত বছর এই দু’মাসে ঘাটতি ছিল ৩৩.৩%। প্রসঙ্গত, সরকারের আয়-ব্যয়ের এই ফারাক চলতি অর্থবর্ষে ৫.২৮ লক্ষ কোটি টাকায় থাকবে বলে হিসাব করা হয়। গত অর্থবর্ষে তা ছিল ৫,০৮,১৪৯ কোটি, যা জাতীয় আয়ের ৪.৫%। কেন্দ্রের লক্ষ্য, ২০১৬-’১৭-র মধ্যে তা জাতীয় আয়ের ৩ শতাংশে নামিয়ে আনা।

পরিকাঠামোয় বৃদ্ধি

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

পরিকাঠামো শিল্পে উৎপাদন বৃদ্ধির হার মে মাসে কমে হল ২.৩%। এপ্রিলে তা ছিল ৪.২%, গত বছর মে মাসে ৫.৯%। সার্বিক শিল্প বৃদ্ধির হার হিসাবের ক্ষেত্রে পরিকাঠামো শিল্পের গুরুত্ব ৩৮%। ফলে মে মাসে পরিকাঠামোয় বৃদ্ধি কমায় তা সাধারণ ভাবে শিল্প বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শিল্প-বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মে মাসে অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, তেল শোধন ক্ষেত্র ও ইস্পাত শিল্পের উৎপাদন সরাসরি কমেছে। উৎপাদন বেড়েছে সার কয়লা, সিমেন্ট ও বিদ্যুতের।

নজরুল তীর্থে লাফার্জ

রাজারহাটে নজরুল তীর্থের অভিনব নকশাকে বাস্তব রূপ দিতে ঢালাইয়ের উন্নত মানের কাঁচামাল ‘অ্যালিজিয়া কনক্রিট’ সরবরাহ করেছে লাফার্জ ইন্ডিয়া। সম্প্রতি কবি নজরুলের স্মৃতিতে তৈরি সংস্কৃতি কেন্দ্রটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অবসরপ্রাপ্তদের জন্য

অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য চিকিৎসা বিমা পরিষেবা চালু করল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। একটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেই বিমার আওতায় আনা হচ্ছে সংস্থার প্রায় ৬ হাজার অবসর -প্রাপ্ত কর্মীকে। সংস্থা জানিয়েছে, এই পরিষেবা নিতে হলে প্রতি বছর প্রিমিয়াম বাবদ কিছু টাকা দিতে হবে কর্মীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement