প্রতীকী ছবি।
২০২০-এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে তিন বছরের স্নাতক ছাড়াও চালু হয়েছে চার বছরের কোর্স। যেখানে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর অনার্স নিয়ে পড়ার পাশাপাশি এক বছর গবেষণারও সুযোগ পাওয়া যায়। তাই কেমন ভাবে গবেষণার কাজ সম্পন্ন হয়, এই বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ় বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-এর সঙ্গে সম্মিলিত ভাবে এই প্রশিক্ষণ কর্মসূচি বা ইন্টার্নশিপের আয়োজন করছে। এ ক্ষেত্রে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে হাইব্রিড অর্থাৎ অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই। এই কর্মসূচি চলবে ন’সপ্তাহ ধরে। পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে ইংরেজি ও বাংলা— দু’টি ভাষাতেই। ইন্টার্নশিপের জন্য বরাদ্দ ফি ১,৬০০ টাকা। আসন সংখ্যা ৫০টি।
ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, জেনারেল স্টাডিজ়, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার, অর্থনীতি বিষয়ের উপর হাতে কলমে প্রশিক্ষক দেওয়া হবে। যে কোনও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পড়ুয়াদের গবেষণার দক্ষতা বৃদ্ধির জন্য এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। তবে তাঁদের চার বছরের স্নাতক কোর্সের পঞ্চম বা ষষ্ঠ সেমেস্টারে পাঠরত হতে হবে। যাঁরা সমাজবিজ্ঞান বা সম্পর্কিত ক্ষেত্র নিয়ে পড়াশোনা করছেন বা এই বিষয়ে বিশদ জানতে আগ্রহী, তাঁরাও এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করবেন কী ভাবে?
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ মে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।