Teachers Movement

দীর্ঘ বঞ্চনার অভিযোগ তুলে বিজেপি সরকারের দ্বারস্থ কারিগরি শিক্ষকেরা, নবান্নে পেশ করলেন দাবিপত্র

এর আগেও তাঁরা নানা বিষয় সরকারের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি বলে দাবি। গত ১৩ বছরে এক টাকাও বেতন বৃদ্ধি হয়নি তাঁদের। এজেন্সির মাধ্যমে নিয়োগ হওয়াতে বেতনও পান অনিয়মিত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৭:৪১
Share:

হাওড়ার মন্দিরতলায় জমায়েতে শিক্ষক- শিক্ষিকারা । ছবি: সংগৃহীত।

অতীতের তৃণমূল সরকারের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেছেন শিক্ষকদের একাংশ। তাই বর্তমান বিজেপি সরকারের কাছে নীতি পরিবর্তনের দাবি জানাল ইউনাইটেড ওয়েস্টবেঙ্গল এনএসকিউএফ (ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক) টিচার্স অ্যাসোসিয়েশন। বুধবার নবান্নে আধিকারিকদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদনপত্র জমা দেন তাঁরা।

Advertisement

সংগঠন সূত্রের খবর, এর আগেও তাঁরা নানা বিষয়ে সরকারের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি বলে দাবি। গত ১৩ বছরে এক টাকাও বেতন বৃদ্ধি হয়নি তাঁদের। এজেন্সির মাধ্যমে নিয়োগ হওয়াতে বেতনও পান অনিয়মিত।

সংগঠনের সভাপতি নিরুপম কোলে এ দিন জানান, উচ্চ মাধ্যমিক স্তরে রাজ্যের স্কুলগুলিতে ১৬টি বৃত্তিমূলক বিষয় পড়ানো হয়। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এই শিক্ষা পুরোপুরি স্কুলশিক্ষা দফতরের অধীনেই হওয়ার কথা। অতীতের সরকার সেই নিয়ম লঙ্ঘন করে গোটা বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থাকে কারিগরি শিক্ষা দফতরের অধীনে নিয়ে আসে। তাঁর অভিযোগ, তৎকালীন সরকার নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে নিয়ম লঙ্ঘন করেছিল। তিনি বলেন, “অতীতের সরকার বহু ক্ষেত্রে অনিয়ম করেছে। সব দুর্নীতির তদন্তের দাবি জানানো হয়েছে।”

Advertisement

সংগঠনের তরফে জানানো হয়েছে তাঁরা নানা সমস্যায় জর্জরিত। তাঁদের বেতন বৃদ্ধি হয়নি। সরকারি স্তরে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তাঁদের বিষয়গুলি পড়ানো হয় না। উচ্চ মাধ্যমিকের পরে কেউ এই বিষয় নিয়ে পড়তে চাইলে ভরসা বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ই। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি মেনে অন্য রাজ্যের মতো এ রাজ্যেও নবম-দশমে বৃত্তিমূলক শিক্ষাকে আবশ্যিক করার প্রয়োজন। সেটাও করা হয়নি। অভিযোগ, গত সাত বছর কোনও পাঠ্যবই এবং গবেষণাগার ছাড়াই এই বিষয়ের পঠনপাঠন চলছে। এই অবস্থার উন্নতির জন্য এর আগেও বহু বার আবেদন করা হয়েছে বলে জানান সংগঠনের শিক্ষকেরা। কিন্তু তৃণমূল সরকারের কাছে বার বার আবেদন করেও কোনও ফল হয়নি।

তাই এ বার রাজ্যে বিজেপি-র নতুন সরকারের দ্বারস্থ হলেন তাঁরা। প্রথমে হাওড়ার মন্দিরতলায় জমায়েত করেন। পরে একটি প্রতিনিধিদল নবান্নে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং দাবিপত্র জমা দেন। মুখ্যমন্ত্রীর জন্যে পৃথক ভাবে আর একটি আবেদনপত্র দেওয়া হয়েছে বলে জানান নিরুপম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement