ছবি: এআই সহায়তায় প্রণীত।
‘নিট ইউজি’-এর প্রশ্নফাঁসের অভিযোগের পাশাপাশি মোটা টাকার বিনিময়ে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করানোর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হয়ে যায় প্রায় ২২ লক্ষ পড়ুয়ার নিট ইউজি। পুনরায় পরীক্ষা আয়োজন করতে হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-কে (এনটিএ)। ২১ জুন হবে সেই পরীক্ষা। সেই আবহেই এ বার দালাল চক্রের বিরুদ্ধে ওএমআর অর্থাৎ উত্তরপত্রে জালিয়াতি করার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, অহমদাবাদের বাসিন্দা শুভম ঠাকুর নামের এক যুবক এই অভিযোগ তুলেছেন। অভিযোগ, শুভমের সঙ্গে এক দালাল চক্রের কথা হয়। সেখানে ওই দালাল চক্রের তরফে তাঁকে বলা হয় যে ২০ লক্ষ টাকার বিনিময়ে ওএমআর শিটে কারচুপি করে পরীক্ষার্থীদের সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি নিশ্চিত করে দেওয়া সম্ভব। এরপরই শুভম গুজরাট সাইবার সেলে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন বলে খবর।
শুভমের অভিযোগ অনুযায়ী এই দালালদের দাবি, এই জালিয়াতির জন্য পরীক্ষার্থীদের শুধু তাঁদের পরীক্ষা কেন্দ্রের বিস্তারিত তথ্য দিতে হবে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা যেন ওএমআর উত্তরপত্রটি সম্পূর্ণ ফাঁকা রেখে আসেন। দালালদের দাবি, নির্দিষ্ট কিছু পরীক্ষা কেন্দ্রের কর্মী এবং কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে হাতে আনা সম্ভব। এর ফলে পরীক্ষা শেষ হওয়ার পর সেই ফাঁকা ওএমআর শিটগুলিতে সঠিক উত্তরগুলো লিখে দেওয়া হবে।
সূত্রের খবর, কোনও রকম সন্দেহ বা নজরদারি এড়াতে এই চক্রটি পরীক্ষার্থীদের শীর্ষ র্যাঙ্ক বা অস্বাভাবিক রকমের বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। বরং, তারা শুধু ততটুকুই নম্বর পাইয়ে দেওয়ার দাবি করে যা দিয়ে একজন পরীক্ষার্থী অনায়াসে যে কোনও একটি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে যেতে পারেন।
শুভম দালালদের সঙ্গে হওয়া সমস্ত কথাবার্তার অডিও রেকর্ড প্রামাণ্য দলিল হিসাবে গুজরাট সাইবার সেলের কাছে জমা দিয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বা এনটিএ-এর তরফে প্রকাশ্যে কোনও মতামত দেওয়া হয়নি।