CBSE Class 10 Assessment Scheme in Middle East 2026

পশ্চিম এশিয়ার দেশগুলিতে সিবিএসই-র দশমের পরীক্ষার মূল্যায়ন কী ভাবে? জানাল বোর্ড

পশ্চিম এশিয়ার ইরান, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কাতার, সৌদি আরবের মতো সাতটি দেশে সিবিএসই-র পরীক্ষা বাতিল করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৪:৪৪
Share:

সিবিএসই। ছবি: সংগৃহীত।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির উন্নতি হয়নি এখনও। ইরান-ইজ়রায়েল সংঘর্ষের জেরে একাধিক বার দশম এবং দ্বাদশের পরীক্ষা পিছিয়েছে সিবিএসই। শেষমেশ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম এশিয়ার সাতটি দেশ। পরীক্ষার্থীদের মূল্যায়ন কী ভাবে করা হবে, সে বিষয়ে এ বার বিস্তারিত তথ্য প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

Advertisement

পশ্চিম এশিয়ার ইরান, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কাতার, সৌদি আরবে সিবিএসই স্কুলগুলিতে দশম শ্রেণির পরীক্ষা যতটুকু নেওয়া সম্ভব হয়েছে, তার ভিত্তিতে পরীক্ষার্থীদের ফলাফল প্রস্তুত করার নিয়মবিধি জানিয়েছে বোর্ড। বলা হয়েছে, ১৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সুষ্ঠু ভাবে পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়েছিল। ১ মার্চ থেকে পরীক্ষা বাতিল করা হয়। ১৭ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে গণিত, ইংরেজি, বিজ্ঞানের মতো নানা বিষয়ের পরীক্ষার পাশাপাশি গ্রহণ করা হয়েছে ১৬টি দক্ষতানির্ভর বিষয়ের পরীক্ষাও। এর ভিত্তিতেই পরীক্ষার্থীদের মোট পাঁচটি বিভাগে ভাগ করে মূল্যায়ন করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা ওই সময়ে সমস্ত বিষয়ের পরীক্ষা দিয়েছে, তাদের ফল ঘোষণা করা হবে ওই পরীক্ষাগুলিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। যারা চারটি বিষয়ের পরীক্ষা দিয়েছে, তাদের মূল্যায়ন করা হবে সেরা তিনটি বিষয়ের প্রাপ্ত গড় নম্বরের ভিত্তিতে। তিনটি বিষয়ের পরীক্ষা যারা দিয়েছে, তাদের সেরা দু’টি বিষয়ে প্রাপ্ত গড় নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। যারা মাত্র দু’টি বিষয়ে পরীক্ষা দিয়েছে, তাদের দু’টি পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বরের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করা হবে।

Advertisement

বোর্ড জানিয়েছে, ভারত এবং অন্য দেশের বাকি পরীক্ষার্থীদের সঙ্গেই পশ্চিম এশিয়ার দেশগুলির দশম শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করা হবে। পাশাপাশি, এ বার থেকে যেহেতু দশম শ্রেণিতে দু’বার পরীক্ষা দেওয়ার নিয়ম কার্যকর হয়েছে, সেই সুযোগও পাবেন পরীক্ষার্থীরা। ফলাফল প্রস্তুত করার সময় কোনও সমস্যা সৃষ্টি হলে সে ক্ষেত্রে নয়া পদক্ষেপের কথা ফের ঘোষণা করবে বোর্ড। এ ছাড়া, গোটা বছর স্কুলের তরফে যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের আয়োজন করা হয়েছে, চূড়ান্ত ফল প্রস্তুত করার সময় তা-ও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

সিবিএসই জানিয়েছে, দ্বাদশের ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোন পদ্ধতি মেনে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, তা-ও শীঘ্রই ঘোষণা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement