CBSE Class 12 Result Row

ছাত্রের দাবি, ২ নম্বর বেড়েছে, শিক্ষা মন্ত্রক বলছে ১১! সিবিএসই দ্বাদশের খাতা নিয়ে আবার বিভ্রান্তি

নিজের পরীক্ষার খাতার পুনর্মূল্যায়নের নম্বর নিয়ে অসন্তোষ প্রকাশ করে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন বেদান্ত। তাতে বেদান্ত অভিযোগ করেছিলেন, পুনর্মূল্যায়নের পরে তাঁর খাতায় কেবল ২ নম্বর বেড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১০:৪৪
Share:

বেদান্ত শ্রীবাস্তবের অভিযোগ খারিজ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের শিক্ষা মন্ত্রক। ছবি: সংগৃহীত।

ছাত্র বলছেন নম্বর কম। শিক্ষা মন্ত্রক বলছে বেশি। সিবিএসই দ্বাদশের খাতা পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ্যে আসার দিন কয়েক পরে শুরু হয়েছে এক অদ্ভুত বিভ্রান্তি।

Advertisement

বিভ্রান্তির কেন্দ্রে যে ছাত্র, তাঁকে নিয়ে আগেও বিতর্ক হয়েছিল। বস্তুত তাঁর পদার্থবিদ্যার খাতা বদলের ঘটনাটির পরেই সিবিএসই দ্বাদশের পরীক্ষার খাতার দেখার পদ্ধতি নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করে। প্রকাশ্যে আসে অনস্ক্রিন মার্কিং (ওএসএম)পদ্ধতিতে খাতা দেখা নিয়ে নানা অনিয়মের অভিযোগ। প্রকাশ্যে মুখ খোলায় ‘পাকিস্তানি’, ‘দেশবিরোধী’ ইত্যাদি বিশেষণও শুনতে হয় ছাত্রটিকে। সেই ছাত্র, বেদান্ত শ্রীবাস্তবকে এ বার এক অর্থে মিথ্যাবাদী বলল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

সম্প্রতি নিজের পরীক্ষার খাতার পুনর্মূল্যায়নের নম্বর নিয়ে অসন্তোষ প্রকাশ করে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন বেদান্ত। তাতে বেদান্ত অভিযোগ করেছিলেন, পুনর্মূল্যায়নের পরে তাঁর খাতায় কেবল ২ নম্বর বেড়েছে। বেদান্তের সেই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে একটি বিবৃতি দিয়ে শিক্ষামন্ত্রক জানিয়েছে, বেদান্তের দাবি ‘নির্ভেজাল মিথ্যা।’ আসলে ওই ছাত্রের পরীক্ষার খাতায় মোট ১১ নম্বর বেড়েছে।

Advertisement

নানা বিতর্ক পেরিয়ে সিবিএসই দ্বাদশের খাতা পুনর্মূল্যায়নের প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন হয়েছে সম্প্রতি। পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পরে পরিবর্তিত বা অপরিবর্তিত নম্বর হাতে পেয়েছেন পরীক্ষার্থীরা। তার পরেই বেদান্ত নিজের খাতায় কত নম্বর বেড়েছে, সে কথা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন সমাজমাধ্যমে। বেদান্তকে বলতে শোনা যায়, ‘‘আমি আমার খাতা পুনর্মূল্যায়নের নম্বর পেয়েছি। ১১টি প্রশ্নের উত্তর পুনর্বার দেখার জন্য আবেদন করেছিলাম। তাতে মাত্র ২ নম্বর বেড়েছে। এক নম্বর অঙ্কে আর এক নম্বর কম্পিউটার সায়েন্সে। আর যে খাতা বদল হয়েছিল (পদার্থবিদ্যা), তাতে একটিও নম্বর বাড়েনি।’’ বেদান্তের ওই দাবিকেই ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছে শিক্ষা মন্ত্রক। সেই সঙ্গে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বেদান্তের আগের প্রাপ্ত নম্বর কত ছিল আর তার পরিবর্তিত নম্বর কত হয়েছে।

বেদান্তের ভিডিয়ো প্রকাশ্যে আসার কিছু ঘণ্টা পরেই শিক্ষা মন্ত্রক ওই বিবৃতি দেয়। তাতে জানানো হয়েছে, বেদান্ত এর আগে অঙ্কে ৪৬ পেয়েছিলেন। তা বেড়ে ৪৭ হয়েছে। কম্পিউটার সায়েন্সে ৬১ পেয়েছিলেন। তা বেড়ে ৬২ হয়েছে। আর পদার্থ বিদ্যায় ৩৫ পেয়েছিলেন, তা বেড়ে হয়েছে ৪৪। অর্থাৎ পদার্থবিদ্যায় ন’নম্বর বেড়েছে বেদান্তের। বাকি দু’টি বিষয়ে বেড়েছে ১ নম্বর করে। সব মিলিয়ে ১১ নম্বর বেড়েছে বেদান্তের। অথচ তিনি জানিয়েছেন ২ নম্বর। এই অভিযোগ এবং পাল্টা অভিযোগে বিভ্রান্তি ছড়িয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement