ছবি: এআই সহায়তায় প্রণীত।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুধুমাত্র হিসাবশাস্ত্রের জ্ঞান অর্জনই যথেষ্ট নয়। কৃত্রিম মেধা, প্রোগ্রামিং-এর মতো সময়োপযোগী প্রযুক্তি ব্যবহারেও সমান দক্ষতা থাকা প্রয়োজন। তাই নতুন করে পাঠ্যক্রম পরিবর্তন করার পরিকল্পনা করছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)।
বিভিন্ন পরিসংখ্যান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কর্মসংস্থানের-এর সময় ন’হাজারেরও বেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের চাহিদা থাকে। প্রতি বছর সিএ পড়ার জন্য ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি পড়ুয়া নাম নথিভুক্ত হলেও যোগ্যতা অর্জন করেন ২০-৩০ হাজার জন। তাই পেশাগত ক্ষেত্রেও সুযোগ পাচ্ছেন প্রয়োজনের তুলনায় কম প্রার্থী।
সংশ্লিষ্ট সমস্যা সমাধানের জন্য কমিটি অফ রিভিউ এডুকেশন অ্যান্ড ট্রেনিং (সিআরইটি) গঠন করেছে আইসিএআই। পাঠ্যক্রমে কৃত্রিম মেধার মত প্রযুক্তি নির্ভর বিষয় সংযোজন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মতো একাধিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। এ ক্ষেত্রে প্রয়োজনে পঠনপাঠন পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির প্রতি আগ্রহ কমছে। কারণ এই বিষয় নিয়ে পড়াশোনার জন্য চার থেকে পাঁচ বছর সময় দিতে হয়। পড়ুয়ারা তাই সিএ ফাউন্ডেশন কোর্স শেষ করার পর এমবিএ কিংবা ফিনটেক-এর মতো বিষয় বেছে নিচ্ছেন দ্রুত পেশাগত ক্ষেত্রে আসার জন্য। তাই, সিএ-এর পাঠ্যক্রম যাতে পড়ুয়াদের মনোগ্রাহী হয়ে ওঠে এবং পেশাগত দক্ষতা অর্জনে সাহায্য করে— তা নিয়ে পর্যালোচনা করবে সিআরইটি।
এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে আইসিএআই-এর সভাপতি প্রসন্নকুমার ডি জানিয়েছেন, সময়ের সঙ্গে বিশেষজ্ঞদের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাই হিসাবশাস্ত্রের খুঁটিনাটির সঙ্গে ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম মেধার নতুন প্রযুক্তি নিয়ে পড়াশোনা করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক স্তরে এই পেশার চাহিদা তুঙ্গে। তাই পড়ুয়াদের সময়োপযোগী বিষয় শেখাতে পাঠ্যক্রম প্রতি পাঁচ বছর অন্তর পরিবর্তন করা হবে।
প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি আলাদা করে কৃত্রিম মেধা নির্ভর কর্মশালার ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে পড়ুয়ারা হাতেকলমে কাজ শেখার সুযোগ পান। এ ছাড়াও পরীক্ষা প্রস্তুতিতে সাহায্যের জন্য বিশেষ প্ল্যাটফর্মও চালু করা হয়েছে, যাতে পড়ুয়ারা নিজেদের মত করে পড়াশোনা করতে পারেন।