জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। ছবি: সংগৃহীত।
কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) উত্তীর্ণ হয়েছেন? মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়তে চান? জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। চলতি মাসের ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণ।
আগ্রহীদের স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। তবে তাঁদের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এ বৈধ স্কোর থাকা প্রয়োজন। এমন প্রার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর, শিক্ষাগত যোগ্যতা, কর্মক্ষেত্রের অভিজ্ঞতার নিরিখে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে, তাঁদের গ্রুপ ডিসকাসন এবং ইন্টারভিউতেও যোগ দিতে করতে হবে। তাতে প্রাপ্ত স্কোরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তির আবেদনের জন্য ২,০০০ টাকা ফি ধার্য করা হয়েছে। তবে মহিলা, তৃতীয় লিঙ্গ, তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থীদের ১,০০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে। ভর্তি এবং অন্যান্য ফি বাবদ ১২ লক্ষ টাকা হিসাবে ধার্য করা হয়েছে।
অনলাইনে ২ মার্চ পর্যন্ত ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে পারবেন। মার্চ মাসের মধ্যে প্রার্থীদের বেছে নেওয়া হবে। ভর্তি সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জেনে নিতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।