— প্রতিনিধিত্বমূলক চিত্র।
সাজপোশাকের রকমারি নকশা মনের মতো না হলে মুশকিল। তাই অনেকেই কাঁচি, সূচ-সুতো নিয়ে দোকান থেকে কিনে আনা পোশাকের উপর নিজের পছন্দের নকশা তৈরি করে ফেলেন। এই আগ্রহ থেকেই অনেকে ফ্যাশন বা ফ্যাব্রিক ডিজ়াইনিং নিয়ে উচ্চশিক্ষার সুযোগ খোঁজেন। সেই সুযোগই দিচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)।
বিশ্ববিদ্যালয়ের তরফে ফ্যাব্রিক অ্যান্ড অ্যাপারেল ডিজ়াইন বিষয়ে চার বছরের ডিগ্রি কোর্স করানো হবে। ওই বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) কোর্সটি মুক্ত এবং দূরশিক্ষা মাধ্যমে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা পড়তে পারেন।
পড়ুয়ারা পোশাকের নকশা তৈরি, বিশেষ ধরনের পোশাকের কাপড় বাছাই, বুননের কারুকার্য, নকশার কাজে ব্যবহার করা যন্ত্রের ব্যবহার— এই সমস্ত বিষয়গুলির খুঁটিনাটি হাতেকলমে শেখার সুযোগ পাবেন। কোর্স চলাকালীন বিভিন্ন সংস্থার ডিজ়াইনার, প্রোডাক্ট ডেভেলপাররাও ক্লাস করাবেন।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং এডুকেশন-এর তরফে চার বছরের ডিগ্রি কোর্সে ‘মাল্টিপল এক্সিট’-এর সুযোগ থাকছে। অর্থাৎ পড়ুয়ারা চাইলে কোর্স চলাকালীন যে কোনও বছরে পড়াশোনা শেষ করে শংসাপত্র অর্জন করতে পারবেন। ভর্তি হওয়ার পরে প্রতি বছর ১১,০০০ টাকা কোর্স ফি হিসাবে খরচ হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত প্রার্থীরা ভর্তির আবেদন জানাতে পারবেন।