Law Admission 2026

তথ্য সুরক্ষা আইনের খুঁটিনাটি নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী? দিতে হবে প্রবেশিকা এবং ইন্টারভিউ

‘ডেটা সায়েন্স এবং ডেটা প্রোটেকশন ল’ বিষয়ে এলএলএম কোর্সে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ওই কোর্সে ভর্তি হতে আগ্রহীদের প্রবেশিকা এবং ইন্টারভিউ দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইন্টারনেটের যুগে তথ্যের কমতি নেই। যে কোনও বিষয়ে বিশেষজ্ঞদের মতামত থেকে শুরু করে ডিজিটাল আর্কাইভ— নানা ভাবে কঠিন প্রশ্নের উত্তর সহজে জেনে নেওয়া যায়। তবে, তথ্যের এত সহজলভ্যতা সাধারণ মানুষের জীবনে কখনও কখনও বিপদও ডেকে আনছে। অনভিপ্রেত ঘটনা থেকে সুরক্ষিত থাকতে তাই তৈরি হয়েছে তথ্য সুরক্ষা আইন। এই বিষয় নিয়ে জ্ঞান অর্জনের সুযোগ দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে ‘ডেটা সায়েন্স এবং ডেটা প্রোটেকশন ল’ বিষয়ে এলএলএম কোর্সে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আসন সংখ্যা ৪০টি। এ ছাড়াও ওই বিশ্ববিদ্যালয়ে ফরেন্সিক সায়েন্স, ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়েও স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে। ওই দু’টি বিষয়ের জন্য যথাক্রমে ৫০ এবং ৩০টি আসন বরাদ্দ করা হয়েছে।

সম্প্রতি ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি-র পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি-র পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও এভিডেন্স অ্যাক্টের জায়গায় ভারতীয় সাক্ষ্য আইন কার্যকর করা হয়েছে। নতুন আইনের ধারায় ময়নাতদন্ত, তথ্য সুরক্ষা, ভিক্টিমোলজি, সাইবার ক্রিমিনোলজি, ডিজিটাল ও সাইবার ফরেন্সিক-এর মতো বিষয়গুলিতে কী কী পরিবর্তন হয়েছে, তা-ও শেখাবেন বিশেষজ্ঞেরা।

Advertisement

উল্লিখিত বিষয়গুলিতে আগ্রহীদের ভর্তি হওয়ার জন্য পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রানস্ টেস্ট (পিজিইটি) এবং পার্সোনাল ইন্টারভিউয়ে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে। তাঁরা উত্তর লেখার জন্য ৯০ মিনিট পর্যন্ত সময় পাবেন। ইন্টারভিউ অনলাইন কিংবা অফলাইন মাধ্যমে নেওয়া হতে পারে।

আইনে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন, এমন পড়ুয়ারাই উল্লিখিত তিনটি বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন। পড়াশোনার সঙ্গে পড়ুয়াদের হাতেকলমে প্রশিক্ষণ, ফিল্ড ওয়ার্কের সুযোগ থাকবে। আগ্রহীদের অনলাইনে ৬ মার্চের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ২,০০০ টাকা ধার্য করা হয়েছে। প্রবেশিকা ২৯ মার্চ এবং ইন্টারভিউ ২০ এপ্রিল হতে চলেছে। ভর্তি প্রক্রিয়া ২৫ জুন থেকে শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement