IIT Delhi Admission 2026

কৃত্রিম মেধার খুঁটিনাটি জানার সুযোগ, আবেদন করতে পারবেন যে কোনও বিষয়ের স্নাতকেরা

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির তরফে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং এবং ডিসিশন সায়েন্স-এর খুঁটিনাটি জানার সুযোগ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৫:২৮
Share:

ছবি: সংগৃহীত।

কাজের জগতে কৃত্রিম মেধা নিয়ে আলোচনার অন্ত নেই। ছোট থেকে বড়, সরকারি-অসরকারি সব সংস্থাই ওই প্রযুক্তির সাহায্যে কাজের গতি বৃদ্ধি করে চলেছে। কোনও ক্ষেত্রে ওই প্রযুক্তি নিয়ে কাজ করতে পারছেন, এমন ব্যক্তিদের জন্য তৈরি হচ্ছে আলাদা পদও। তাই বিষয় বিশেষজ্ঞদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।

Advertisement

এই বিষয়টি নিয়ে জ্ঞান অর্জনের সুযোগ পেতে পারেন যে কোনও বিষয়ে স্নাতকেরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির তরফে ওই বিষয়টি শেখার জন্য আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হবে। অনলাইনে ক্লাসের সুযোগ থাকছে।

কী কী বিষয় শেখানো হবে?

Advertisement

কৃত্রিম মেধা এবং অ্যাপ্লায়েড এআই, ডিসিশন সায়েন্স এবং মেশিন লার্নিং নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। এ ছাড়াও যাঁরা কোডিং জানেন না, তাঁরা কী ভাবে উল্লিখিত প্রযুক্তি ব্যবহার করে কাজ করতে পারবেন, কোন টুল বা প্ল্যাটফর্ম ব্যবহার করে তা করা সম্ভব— তা শেখানো হবে। পাশাপাশি, হাতেকলমে প্রশিক্ষণ, চাকরির বাজারে কোন প্রযুক্তির কেমন চাহিদা, বাস্তবজীবনের প্রযুক্তির প্রয়োগ কৌশল সম্পর্কেও শেখাবেন আইআইটি দিল্লির বিশেষজ্ঞেরা।

কারা শিখতে পারবেন?

যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে যাঁরা গণিতে দক্ষ কিংবা ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান শাখার কোনও বিষয়ে স্নাতক, তাঁদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, যাঁরা বর্তমানে কোনও আইটি সংস্থায় চাকরি করছেন, তাঁরাও ক্লাস করতে পারবেন।

কখন ক্লাস হবে?

১৯ সেপ্টেম্বর থেকে ১৫ মে পর্যন্ত অনলাইন মাধ্যমে চলবে। প্রতি শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ক্লাস করানো হবে। যে হেতু অনলাইন মাধ্যমে ক্লাস করানো হবে, তাই ইন্টারনেট পরিষেবাযুক্ত ডেস্কটপ, ল্যাপটপ কিংবা মোবাইল থাকা প্রয়োজন।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। তাঁদের স্নাতকে প্রাপ্ত নম্বর এবং কর্মজীবনের পূর্ব-অভিজ্ঞতার নিরিখে ক্লাসের জন্য বাছাই করে নেবেন আইআইটি দিল্লি কর্তৃপক্ষ। প্রার্থীদের ১২ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement