Basics of Drone Technology

ড্রোন প্রযুক্তি বা কৃত্রিম উপগ্রহ নিয়ে জ্ঞানার্জনের সুযোগ, প্রশিক্ষণ পাবেন কোন শর্তে?

আবহাওয়ার তথ্য সংগ্রহ, সীমান্তে অতন্দ্র প্রহরার কাজ কিংবা মহাজাগতিক ঘটনার খুঁটিনাটি জানতে নানারকম যন্ত্র এবং তাতে উন্নত প্রযুক্তিকে ব্যবহার করা হয়ে থাকে। সেই সব বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পেতে পারেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৬:২৩
Share:

ছবি: সংগৃহীত।

মহাজাগতিক কোনও ঘটনার সব তথ্য পাঠায় কৃত্রিম উপগ্রহ। ওই যন্ত্রের সাহায্যে পৃথিবীর বুকে কোথায় কী চলছে, বিজ্ঞান ও প্রযুক্তির হাতযশে তা-ও জানা সম্ভব। একই ভাবে, আবহাওয়ার তথ্য সংগ্রহ, সীমান্তে অতন্দ্র প্রহরার কাজে ব্যবহার করা হচ্ছে ড্রোন প্রযুক্তি। তা কী ভাবে কারা পরিচালনা করছেন, কী ভাবে ওই কাজ করা হয়ে থাকে— তা শেখার সুযোগ রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে।

Advertisement

সংশ্লিষ্ট বিষয়গুলি শেখাবে ইন্ডিয়ান স্পেস ল্যাব। ইসরো অধীনস্থ ওই প্রতিষ্ঠানের তরফে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতদের ইন্টার্নশিপের মাধ্যমে হাতেকলমে কাজ শেখানো হবে। এ ছাড়াও যাঁরা সদ্যই স্নাতক কিংবা স্নাতকোত্তর হয়েছেন, তাঁরাও প্রশিক্ষণ নিতে পারবেন। দু’টি পর্বে আলাদা ভাবে অনলাইন মাধ্যমে তাঁদের ৪৫ দিনের জন্য প্রশিক্ষণ চলবে।

পড়ুয়ারা অ্যাডভান্সড ড্রোন টেকনোলজি, ক্যানস্যাট কিউবস্যাট (কৃত্রিম উপগ্রহ প্রযুক্তির উপাদান), রকেট্রি ট্রেনিং, রিমোট সেন্সিং অ্যান্ড জিয়োগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস), ডিজ়াস্টার ম্যানেজমেন্ট নিয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।

Advertisement

কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রক অধীনস্থ ইসরো, নাসা এবং আইআইটি-র বিশিষ্ট প্রশিক্ষক ও গবেষকেরা প্রশিক্ষণ দেবেন। প্রথম পর্বের ক্লাস ১ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলবে। এই পর্বে ১,২৭০ জন সুযোগ পাবেন। দ্বিতীয় পর্বের ক্লাস ১৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত হতে চলেছে। এই পর্বে ১,০৪৫ জনকে সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর সবাইকে শংসাপত্র দেওয়া হবে।

আগ্রহীরা অনলাইন পোর্টাল মারফত আবেদন জানাতে পারবেন। প্রথম পর্বের জন্য আবেদনের সুযোগ থাকবে ২৭ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় পর্বের জন্য আবেদন করা যাবে ১০ জুন পর্যন্ত। প্রশিক্ষণ মূল্য হিসাবে জমা দিতে হবে ৯৫০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement