IPL 2026

আইপিএলের রমরমায় চাপে আন্তর্জাতিক ক্রিকেট! সমস্যায় জয় শাহের বোর্ড, সমাধানে নতুন কমিটি

বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগের রমরমা ক্রমশ বেড়ে চলেছে। তাতে সমস্যা বাড়ছে আইসিসির। দ্বিপাক্ষিক সিরিজ় বা বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজনে সমস্যায় পড়ছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১২:৩২
Share:

আইপিএল জেতার পর ট্রফি নিয়ে উল্লাস আরসিবি ক্রিকেটারদের। ছবি: পিটিআই।

দিন দিন বাড়ছে টি-টোয়েন্টি লিগের রমরমা। প্রতি বছর নতুন নতুন লিগ শুরু হচ্ছে। আইপিএলের মতো লিগে দলের সংখ্যা বাড়িয়ে আরও বড় প্রতিযোগিতা আয়োজনের ভাবনা চলছে। আর এ সবের ফলে সমস্যায় পড়েছে আইসিসি। দ্বিপাক্ষিক সিরিজ় বা বিশ্বকাপের মতো প্রতিযোগিতা কখন আয়োজন করা হবে, সেই সময় খুঁজতে হয়রান বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা।

Advertisement

প্রতিনিয়ত বিভিন্ন লিগ থেকে অনুরোধ পাচ্ছে আইসিসি। লিগের সময় আরও বাড়ানোর অনুরোধ করা হচ্ছে। তাতে আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার তৈরিতে সমস্যা হচ্ছে জয় শাহের নেতৃত্বাধীন বোর্ডের। এখন আইপিএল বাদে দক্ষিণ আফ্রিকায় এসএ২০, আবু ধাবিতে ইন্টারন্যাশনাল টি২০, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডে দ্য হান্ড্রেড, ওয়েস্ট ইন্ডিজ়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলে। চলতি বছরের শেষে ইউরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা। এত লিগের চাপে সমস্যায় আন্তর্জাতিক ক্রিকেট।

আইসিসি একটি বিবৃতিতে বলেছে, “প্রতিনিয়ত বিশ্ব জুড়ে লিগ যে ভাবে বেড়ে চলেছে তাতে চিন্তায় আইসিসি। এই পরিস্থিতির সমাধানে একটি কমিটি তৈরি করা হয়েছে। তারা খতিয়ে দেখবে কী ভাবে একই ক্যালেন্ডারে লিগ ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটকেও সমান জায়গা দেওয়া যায়।”

Advertisement

শুধু সময় দেখলেই হবে না, কোন লিগে কোন তারকারা খেলছেন সে দিকেও নজর রাখতে হবে আইসিসিকে। ভারতীয় ক্রিকেটারেরা আইপিএলের বাদে কোনও লিগ খেলেন না। কিন্তু বিদেশি ক্রিকেটারেরা বিভিন্ন লিগে খেলে বেড়ান। ফলে দেশের হয়ে তাঁদের পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

লিগ ক্রিকেটে টাকা বেশি। তাই ওয়েস্ট ইন্ডিজ়, শ্রীলঙ্কা, নিউ জ়িল্যান্ডের মতো দেশের অনেক ক্রিকেটার দেশের হয়ে খেলার বদলে লিগ ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নিকোলাস পুরান, হাইনরিখ ক্লাসেনের মতো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তাতে সমস্যা আরও বাড়ছে। এই সমস্যার সমাধান সহজ নয়। তা আইসিসিও জানে। সেই কারণে কমিটি গড়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement