পিছিয়ে গেল পলিটেকনিকের প্রবেশিকা পরীক্ষা। ছবি: সংগৃহীত।
পিছিয়ে গেল উত্তর প্রদেশের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পলিটেকনিকে ভর্তির প্রবেশিকা পরীক্ষা। জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন কাউন্সিল, উত্তরপ্রদেশের (জেইইসিইউপি) তরফে এমনটাই জানানো হয়েছে।
পূর্ববর্তী সূচি অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা ছিল ১৫ মে। ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ডের তরফে জানানো হয়েছে পরীক্ষা শুরু হবে ২ জুন থেকে, চলবে ৯ জুন পর্যন্ত। অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে ২৫ মে-র মধ্যে । যে সকল পড়ুয়া পলিটেকনিক পড়ার জন্য প্রবেশিকা দেবেন তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক।
সূত্রের খবর, পড়ুয়ারা অনেকেই বোর্ডের কাছে আবেদন জানিয়েছিলেন। যাতে পরীক্ষার আবেদন প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি করা যায়। সে জন্যই পরীক্ষা ১৫ মে থেকে পিছিয়ে ২ জুন করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
জেইইসিইউপি হল উত্তর প্রদেশের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত ডিপ্লোমা ও পলিটেকনিক কোর্সে ভর্তির প্রধান প্রবেশিকা পরীক্ষা। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মাধ্যমে পরীক্ষা হয়। ১০০টি এমসিকিউ থাকে, যেখানে পড়ুয়ারা ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই পরীক্ষা দিতে পারেন। পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত থেকে প্রশ্ন থাকে। সঠিক উত্তরে চার নম্বর করে পাওয়া যায়। ভুল উত্তর লিখলে নম্বর কাটা যায়। পরীক্ষা হয় মোট আড়াই ঘণ্টার। এই বিষয় বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে।