প্রতীকী ছবি।
একাধিক বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ দিচ্ছে নদিয়ার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া।
বিশ্ববিদ্যালয় থেকে কলা, বিজ্ঞান এবং আইনের নানা বিষয়ে স্নাতকোত্তর করা যাবে। বিষয়গুলি হল— বাংলা, ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ভূগোল, ফুড অ্যান্ড নিউট্রিশন, আইন, সোশ্যাল ওয়ার্ক, সংস্কৃত, গণিত এবং মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজ়ম। বিভিন্ন কোর্সের আসনসংখ্যার বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানানো হয়েছে, বিভিন্ন কোর্সে অ্যাডমিশন ফি বাবদ মোট ১৩,২৫০ টাকা থেকে সর্বাধিক ২৩,৭৫০ টাকা জমা দিতে হবে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হবে হবে। তাছাড়া, আইন নিয়ে পাঁচ ও তিন বছর পড়ার সুযোগ রয়েছে। পাঁচ বছরের ক্ষেত্রে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। তিন বছরের ক্ষেত্রে স্নাতক যোগ্যতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ জুলাই। আবেদনপত্র সংশোধনের সুযোগ পাওয়া যাবে এক দিন অতিরিক্ত, অর্থাৎ ৭ জুলাই পর্যন্ত। মেধাতালিকা প্রকাশিত হবে ৯ জুলাই। ৩ অগস্ট থেকে ক্লাস শুরু হতে পারে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।