IPL

দু’বছর পর ‘ঘরে’ ফিরেছেন পন্থ, প্রাক্তন অধিনায়ককে বিশেষ বার্তা দিল্লির অধিনায়ক অক্ষরের, এখনই বলে দিলেন কী করতে হবে

অক্ষর পটেল জানিয়েছেন, তিনি এবং ঋষভ পন্থ দু’জনেই অভিজ্ঞ এবং পরিণত। কার কী দায়িত্ব, তাঁরা জানেন। আইপিএল এবং জাতীয় দলে একসঙ্গে দীর্ঘ দিন খেলেছেন। তাই সমস্যা হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ২২:১৭
Share:

(বাঁ দিকে) ঋষভ পন্থ এবং অক্ষর পটেল (ডান দিকে)। —ফাইল চিত্র।

গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন অক্ষর পটেল। আগামী মরসুমেও তাঁর নেতৃত্ব দেওয়া নিশ্চিত নয়। অক্ষরের নেতৃত্বে খুব একটা সন্তুষ্ট নন দিল্লি কর্তৃপক্ষ। এর মধ্যেই লখনউ সুপার জায়ান্টসের কাছ থেকে ১৫ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনে নিয়েছে দিল্লি। তাঁকে দিল্লির অধিনায়ক হিসাবে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি অজানা নয় অক্ষরেরও। জাতীয় দলের সতীর্থকে বিশেষ বার্তা দিয়েছেন অক্ষর।

Advertisement

দিল্লি ক্যাপিটালস একটি ভিডিয়ো পোস্ট করেছে সমাজমাধ্যমে। তাতে দলে পন্থে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন অক্ষর। তিনি বলেছেন, ‘‘শুধু এ টুকুই বলব, অধিনায়ক হিসাবে পন্থকে আমি পূর্ণ স্বাধীনতা দেব। আমাদের সম্পর্ক কখনও অধিনায়ক আর সাধারণ ক্রিকেটারের মতো ছিল না। আগে যখন দিল্লিতে ছিল, তখন আমি পন্থের নেতৃত্বে খেলেছি। আমাদের মধ্যে এমন কোনও ব্যাপার নেই যে, অধিনায়ক যা বলবে সেটাই অন্যকে করতে হবে। আমরা সব সময় নিজেদের বোঝাপড়ার মাধ্যমে কাজ করেছি। আগামী দিনেও সেটাই হবে। অধিনায়ক হিসাবে কিছু চাপিয়ে দেব না।’’

অক্ষর জানিয়েছেন, তাঁরা দু’জনেই অভিজ্ঞ এবং পরিণত। কার কী দায়িত্ব, তাঁরা জানেন। একসঙ্গে দীর্ঘ দিন খেলেছেন। আইপিএলে হোক বা জাতীয় দলে। তাই সমস্যা হবে না। অক্ষর বলেছেন, ‘‘পন্থ জানে, ও দলের সিনিয়র ক্রিকেটার। আমিও সিনিয়র ক্রিকেটার। কোন পরিস্থিতিতে কোনটা করা উচিত আর কোনটা নয়, সেটা আমরা দু’জনেই বুঝি। বন্ধু এবং অধিনায়ক হিসাবে পন্থকে একটাই কথা বলব, ওর উপর কোনও বাড়তি চাপ দেব না। আমি তো চাপ দেবই না, দলের দিক থেকেও চাপ থাকবে না। এই দলটা ওর বাড়ির মতো। আগে বহু দিন দিল্লির হয়ে খেলেছে।’’ ভারতীয় দলের অলরাউন্ডার আরও বলেছেন, ‘‘পন্থকে আমার বেশি কিছুই বলার নেই। এই দলেও সম্পূর্ণ স্বাধীন থাকবে। স্বাধীন ভাবে খেলবে। নিজের স্বাভাবিক খেলা উপভোগ করবে। দেখুন ফর্ম এবং কিছু জিনিস সাময়িক। দক্ষতা বা মান স্থায়ী। পন্থের মতো ক্রিকেটারকে নিজের মতো খেলার স্বাধীনতা দেওয়া উচিত। আমি সেটা দিতে চাই।’’

Advertisement

২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লির হয়ে খেলেছেন পন্থ। মোট ১১১টি ম্যাচ খেলেছেন। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লিকে নেতৃত্বও দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement