প্রতীকী চিত্র।
চারদিন পেরিয়েও যুদ্ধ পরিস্থিতি অব্যাহত পশ্চিম এশিয়ার দেশগুলিতে। পরিস্থিতি বিচার করে ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর তরফে ওই অঞ্চলে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এ বার যুদ্ধবিধ্বস্ত দেশগুলিতে কেরলের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সমস্ত পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হল।
সংবাদসংস্থা সূত্রের খবর, কেরল সরকারের সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট (এসএসএলসি) এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হবে। কেরলের সাধারণশিক্ষা মন্ত্রী ভি সিভানকুট্টি জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপাতত পরীক্ষার্থীদের সুরক্ষা এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই সমস্ত পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে।
পশ্চিম এশিয়ার দেশগুলিতে আগামী ৫ মার্চ এসএসএলসি এবং ৫, ৬ এবং ৭ মার্চ উচ্চ মাধ্যমিকের কিছু পরীক্ষা গ্রহণ করার কথা ছিল। স্থগিত পরীক্ষাগুলি আবার কবে আয়োজন করা হবে, তা এখনও জানানো হয়নি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির খানিকটা স্বাভাবিক হলেও পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হবে। তবে পশ্চিম এশিয়া বাদে বাকি সমস্ত অঞ্চলে পূর্ব নির্ধারিত দিনেই এসএসএলসি এবং উচ্চ মাধ্যমিকের আয়োজন করবে কেরালা সরকার।
উল্লেখ্য, রবিবারই সিবিএসই-র তরফে ২ মার্চের পরীক্ষার স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। জানানো হয়, বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে সিবিএসই-র পরীক্ষা আপাতত নেওয়া হবে না। ৩ মার্চ পরিস্থিতি খতিয়ে দেখে এবং পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঠিক করা হবে, আগামী ৫ মার্চ থেকে যে পরীক্ষাগুলি নির্ধারিত আছে সেগুলি হবে কি না। নতুন পরীক্ষার দিনও পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।