Question Paper Leak 2026

ফের প্রশ্নফাঁস! টেট-র আগেই উঠল অভিযোগ, আটক বেশ কয়েক জন, বাতিল করা হল পরীক্ষা

২৮ জুন মহারাষ্ট্রে টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) হওয়ার কথা। তবে, ঠাণে থেকে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা বাতিল করতে পারে মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এগ্‌জ়ামিনেশন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৪:০০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফের প্রশ্নফাঁসের অভিযোগ। এ বার টেট।

Advertisement

পরীক্ষা শুরু হতে বাকি নেই ২৪ ঘণ্টাও। তার আগে, ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর (টেট) প্রশ্ন। এমনই অভিযোগ উঠেছে মহারাষ্ট্রে। আগামী রবিবার, ২৮ জুন ওই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। মনে করা হচ্ছে রবিবারের পরীক্ষা বাতিল হতে পারে।

মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এগ্‌জ়ামিনেশন-এর তরফে জানানো হয়েছে, প্রশ্নফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পরই পর্ষদের তরফে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, শিক্ষা দফতরের তরফে আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশিত হয়নি। তাই রবিবারের পরিবর্তে কবে পরীক্ষা নেওয়া হবে, সেই সংক্রান্ত তথ্য আপাতত জানা যায়নি।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিওয়ান্দি পুলিশ ঠাণে থেকে প্রশ্নফাঁস সংক্রান্ত নথি উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি করতে গিয়েছিল পুলিশ। তাতেই প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে। সেগুলি টেট-এরই প্রশ্নপত্র কি না, তা যাচাই করার পর পর্ষদের তরফে প্রশ্নফাঁসের কথা জানানো হয়। পুলিশের তরফে কে বা কারা ওই ঘটনার সঙ্গে জড়িত, তার তদন্ত শুরু হয়েছে।

পরীক্ষার্থীদের উদ্দেশে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত সব তথ্য জানার জন্য পর্ষদের ওয়েবসাইট-এ নজর রাখতে হবে। সেখানেই পরীক্ষার সূচি এবং অন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি বছরের শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য রাজ্যের ১,০২৮টি কেন্দ্র বরাদ্দ করা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে ২০১৬-এও হোয়াটসঅ্যাপে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রে। সে বারও পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রশ্নফাঁসের বিষয় জানাজানি হয়েছিল এবং বাতিল করা হয়েছিল পরীক্ষা। নতুন করে পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। পুলিশি তদন্তে একাধিক চক্রের হদিশ মিলেছিল। গ্রেফতার করা হয়েছিল অনেককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement