Medical Education in India

বন্ধ হচ্ছে মেডিক্যালের পিজি ডিপ্লোমা! বিশেষজ্ঞ হওয়ার পাঠে গুরুত্ব চায় এনএমসি

মেডিক্যালে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা আর করা যাবে না। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস-এর পর ডক্টর অফ মেডিসিন (এমডি) কিংবা মাস্টার অফ সার্জারি (এমএস) ডিগ্রি কোর্সই বেছে নিতে হবে পড়ুয়াদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১১:১২
Share:

ছবি: সংগৃহীত।

মেডিক্যালের পঠনপাঠনে বদলের সিদ্ধান্ত নিল ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি)। এমবিবিএস করার পর পড়ুয়ারা আর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ পাবেন না। ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই শেষ ওই কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement

কোন ডিগ্রি কোর্সে জোর?

এনএমসি জানিয়েছে, দেশের মেডিক্যাল পড়ুয়াদের বিশেষজ্ঞ হয়ে ওঠার পঠনপাঠনে জোর দেওয়া প্রয়োজন। এ জন্য পিজি ডিপ্লোমা সম্পূর্ণ ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পর থেকে এমবিবিএস-এর পর ডক্টর অফ মেডিসিন (এমডি) কিংবা মাস্টার অফ সার্জারি (এমএস) ডিগ্রি কোর্স বেছে নিতে হবে পড়ুয়াদের।

Advertisement

কমিশনের তরফে জানানো হয়েছে, স্নাতকোত্তর স্তরের পঠনপাঠনের মানোন্নয়ন, বিশেষজ্ঞ হয়ে ওঠার জন্য উপযুক্ত প্রশিক্ষণ, সমসাময়িক শিক্ষাগত মানের সঙ্গে স্নাতকোত্তরের সমন্বয় সাধন করার জন্য এই সিদ্ধান্ত হয়েছে। কোনও প্রতিষ্ঠান এ বছর থেকে পিজি ডিপ্লোমার আসন বৃদ্ধির আবেদনও জানাতে পারবে না।

পড়াশোনার মানোন্নয়ন

এমডি বা এমএস ডিগ্রি কোর্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে উঠবেন পড়ুয়ারা। বিভিন্ন মেডিক্যাল কলেজে এমডি বা এমএস ডিগ্রি কোর্সের পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে বলে দাবি। কমিশনের মতে, এ ক্ষেত্রে ডিপ্লোমার বদলে বিশেষ বিষয়ের ডিগ্রি কোর্স চালু করতে কোনও সমস্যাই হবে না। পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন রেগুলেশনস, ২০২৩ অনুযায়ী, এই পরিবর্তনের সুযোগ রয়েছে।

এ ছাড়াও সম্প্রতি কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, সব মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়কে এমডি কিংবা এমএস কোর্স চালু করতে হবে পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই। এ ক্ষেত্রে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়কে মেডিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড-এর কাছে আবেদন জমা দিতে হবে। কবে থেকে ওই প্রক্রিয়া শুরু হবে, তা বোর্ড আলাদা করে জানিয়ে দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement