চালু হল নিট এমডিএস-এর ডেমো টেস্ট পোর্টাল। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশনস্ ইন মেডিক্যাল সায়েন্সেস (নিট) ২০২৬-এর নিট এমডিএস পরীক্ষার জন্য ‘ডেমো টেস্ট’ চালু করেছে। ইচ্ছুক পরীক্ষার্থীরা নিট-এর ওয়েবসাইটে গিয়েই এই পরীক্ষায় যোগ দিতে পারবেন।
এটি একটি প্রস্তুতি পরীক্ষা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) পদ্ধতিতে দেওয়া অনুশীলন করার সুযোগ দেওয়া হচ্ছে। মূলত, পরীক্ষার ধরন, প্রশ্নপত্র, সময়ের জ্ঞান-সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সড়গড় হতে পারে সে জন্যই এই মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার জন্য সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশ হবে ২২ এপ্রিল। অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ২৯ এপ্রিল থেকে। পরীক্ষা হবে ২ মে। দু’টি ভাগে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। প্রথম ভাগে ১০০টি প্রশ্ন থাকে সময় দেওয়া হয় ৭৫ মিনিট এবং দ্বিতীয় ভাগে ১৪০টি প্রশ্নের উত্তর লিখতে হয় ১০৫ মিনিটের মধ্যে। দু’টি ভাগ মিলিয়ে মোট ২৪০টি প্রশ্ন থাকে। ২ জুন ফলাফল প্রকাশ হতে পারে।
ডেমো টেস্ট দেওয়ার জন্য পরীক্ষার্থীদের নিট-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট লিঙ্কটি পাওয়া যাবে। সেখানে থেকেই প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করলে ডেমো টেস্ট দেওয়ার সুযোগ পাওয়া যাবে। এমডিএস পরীক্ষা হল দাঁতের চিকিৎসক হওয়ার স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষায় বসতে হলে স্নাতক স্তরের যোগ্যতা থাকতে হয়।