ছবি: সংগৃহীত।
স্কুলপড়ুয়াদের পড়াতে ইংরেজি ভাষার বই অনুবাদ করতে হচ্ছে। এমনই অভিযোগ করছেন শিক্ষকেরা। চলতি বছরের এপ্রিল মাসে নতুন শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন ভাষায় নবম শ্রেণির পাঠ্যবই প্রকাশ করেছিল এনসিইআরটি। অথচ, এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও হিন্দি ভাষার বই এখনও দিল্লির বেশ কিছু স্কুলে পৌঁছায়নি, অভিযোগ শিক্ষকদের।
এনসিইআরটি-র পোর্টালে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই পিডিএফ আকারে রয়েছে। শিক্ষকদের অভিযোগ, পোর্টালে গণিত, বিজ্ঞান বিষয়ের হিন্দি মাধ্যমের বই নেই। এ জন্য পঠনপাঠন ব্যাহত হচ্ছে। সংবাদমাধ্যমে সূত্রে জানা গিয়েছে, বেশির ভাগ স্কুলে পড়ুয়াদের ইংরেজি মাধ্যমের বই থেকে পড়াতে হচ্ছে।
সংবাদমাধ্যমে এনসিইআরটি-র অধিকর্তা দীনেশ প্রসাদ সাকলানি জানিয়েছেন, হিন্দি মাধ্যমের বই দ্রুত অনলাইনে পাওয়া যাবে। পড়ুয়াদের হাতেও বই পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, কত দিনের মধ্যে বই পাওয়া যাবে, তা নিয়ে কোনও তথ্য জানা যায়নি।
স্কুলগুলিতে জুলাই মাসের পর থেকে পরীক্ষা শুরু হবে। শিক্ষকদের একাংশের দাবি, বই সময় মতো না পাওয়া গেলে পড়ুয়াদের জন্যই সমস্যা বাড়বে। গরমের ছুটির মধ্যেও যদি বই পাওয়া যায়, সে ক্ষেত্রে তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।