BU Admission 2025

কী ভাবে নেট-সেট প্রস্তুতি নেবেন? শেখাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়

রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন পড়ুয়ারাও এই প্রস্তুতি পর্বে যোগদান করার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৬
Share:

বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কী ভাবে পড়লে স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (সেট) উত্তীর্ণ হওয়া সম্ভব? কী পড়বেন, কী ভাবে শুরু করবেন— তা নিয়ে চিন্তা থাকে অনেকেরই।

Advertisement

এমন সমস্যার সমাধানে এবার এগিয়ে এল বর্ধমান বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের তরফে সেট-এর প্রস্তুতির জন্য বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, আবার অনেকেই সরকারি প্রতিষ্ঠান থেকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এর প্রস্তুতি নিতে চান। সেট-এর পাশাপাশি নেট-এর প্রস্তুতিতেও সাহায্য করা হবে বিশ্ববিদ্যালয়ের তরফে।

মার্চ মাস থেকে লিখিত বিষয়ের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, যাঁরা স্নাতকোত্তর পর্বের প্রথম সিমেস্টারে পড়াশোনা করছেন, কিংবা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করে ফেলেছেন, তাঁদের নিয়েই চলবে ক্লাস। তবে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও নেট-সেট প্রস্তুতির এই ক্লাস করার সুযোগ পাবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের বই এবং স্টাডি মেটিরিয়ালও দেওয়া হবে। তবে অংশগ্রহণকারীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিত থেকে দু’মাসের জন্য ক্লাস করতে হবে। ১ মার্চ থেকে ক্লাস শুরু হবে। তার আগেই আগ্রহীদের সশরীরে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তবে, আলাদা করে কোনও কোর্স ফি জমা দিতে হবে না।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত অনলাইন বিজ্ঞপ্তিটি ভাল করে দেখে নিতে হবে। তাতে থাকা একটি ফর্ম পূরণ করে সশরীরে বিশ্ববিদ্যালয়ে এসে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে ২৪ ফেব্রুয়ারির মধ্যে। এই কোর্সে ভর্তি সম্পর্কিত বিষয়ে আরও জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement