উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আগেই। আগে আবেদনের শেষ দিন নির্ধারিত হয়েছিল ৩১ মার্চ। তবে, প্রতিষ্ঠানের তরফে ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের সেই সময় বৃদ্ধি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিসট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশনের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্সে পড়ার সুযোগ দেওয়া হয়েছে। বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, নেপালি, দর্শন, ইতিহাস, গণিত নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, ব্যাচেলর অফ কমার্স (বিকম) নিয়ে যাঁরা দূরশিক্ষা বিভাগে ভর্তি হতে চান, তাঁরাও আবেদনের করতে পারবেন। স্নাতকে ভর্তির জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া চাই। স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে। বাংলা এবং নেপালি ভাষায় পড়ার সুযোগ রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। বর্ধিত সময় অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ এপ্রিল।