NEET UG Admit Card 2026

উচ্চাকাঙ্ক্ষার গভীরে জমছে অবসাদ! নিট ইউজি-র আগে সতর্ক এনটিএ, চালু হেল্পলাইন

এনটিএ-র তরফে এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় বলা হয়েছে, কোনও পরীক্ষার জন্য জীবনের সঙ্গে আপোস করা উচিত নয়। পরীক্ষার দেওয়ার জন্য মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১২:০৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরীক্ষার আগে নিজের সেরাটা দেওয়ার জন্য পরীক্ষার্থীরা দিন রাত এক করে পড়াশোনা করেন। এই অতিরিক্ত চাপেই কখনও কখনও বাড়ে সমস্যা। কখনও দুশ্চিন্তা মাথায় ভর করে, আবার কখন ভয় চেপে বসে মনের মধ্যে। ৩ মে মেডিক্যালে স্নাতকে ভর্তির প্রবেশিকা অর্থাৎ নিট ইউজি। এই পরীক্ষাটির মাধ্যমে লক্ষাধিক পড়ুয়ার মেধা যাচাই করা হবে। এই পরীক্ষা যাঁরা দেবেন, তাঁদের যদি এমন কোনও সমস্যা হয়ে থাকে, তা সমাধানের পথ খুঁজে দেবে এনটিএ।

Advertisement

আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে দুশ্চিন্তা, অবসাদ কিংবা হতাশা ঘিরে ধরলে কাউন্সেলিং-এর সাহায্য নিতে পারবেন পরীক্ষার্থীরা। বিনামূল্যে বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করে বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁরা নিজের সমস্যার কথা বলতে পারবেন।

গত কয়েক বছরে এমন বহু ঘটনার সাক্ষী থেকেছে দেশ যেখানে উচ্চাকাঙ্ক্ষার চাপ সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন পড়ুয়া। দেশের একাধিক আইআইটি-তে এমন ঘটনা ঘটে চলেছে। এ পরিস্থিতিতে পরীক্ষা আয়োজক সংস্থার পক্ষ থেকে এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে শিক্ষামহল।

Advertisement

এনটিএ-র তরফে এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়া হয়েছে। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কোনও পরীক্ষার জন্য জীবনের সঙ্গে আপোস করা উচিত নয়। কোনও পরীক্ষাই এতটাও গুরুত্বপূর্ণ নয়। পরীক্ষার দেওয়ার জন্য মানসিক এবং শারীরিক ভাবে পরীক্ষার্থীদের সুস্থ থাকা প্রয়োজন। তাই যে কোনও সমস্যায় তাঁরা এনটিএ-এর দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন।

২৬ এপ্রিল নিট ইউজি-র অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। প্রার্থীরা এনটিএ-এর ওয়েবসাইট মারফত ওই নথি ডাউনলোড করে নিতে পারবেন। ৩ মে ওই নথি এবং বৈধ পরিচয়পত্র নিয়ে পরীক্ষা দিতে আসতে হবে পরীক্ষার্থীদের। ওই দিন বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্র থেকেই কলম দেওয়া হবে। তাই উল্লিখিত নথি ছাড়া অন্য কোনও সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement