প্রতীকী চিত্র।
বিষয়ভিত্তিক ও জাতিভিত্তিক কত শূন্যপদ রয়েছে তার হিসাব বা ‘ম্যাচিং ভেকেন্সি’ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) কাছে গত সপ্তাহে পাঠিয়েছে রাজ্য শিক্ষা দফতর। মঙ্গলবার একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন।
এসএসসি জানিয়েছে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ভাবে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনে নতুন ভবনে এই কাউন্সেলিং করা হবে। এই দু’দিনে এন্থ্রোপোলজি, হোম সায়েন্স, মিউজিক, সাঁওতালি, আগ্রোনমি, হিসাবশাস্ত্র, ও শারীরবিদ্যা এই বিষয়ে বাংলা, উর্দু,সাঁওতালি ও হিন্দি বিভাগের শিক্ষক পদপ্রার্থীদের কাউন্সেলিং হবে। ২০০ জনের বেশি শিক্ষক-শিক্ষিকাদের ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।
এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "একাদশ দ্বাদশের প্রথম দফার কাউন্সেলিং- এ ২০০-র বেশি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হবে। মোট সাতটি বিষয় প্রার্থীদের ডাকা হয়েছে।"
উল্লেখ্য, প্রথম পর্যায়ের জন্য আপাতত মাত্র ৫০০ শূন্যপদের তথ্য পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ অগস্টের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ সম্পন্ন করতে হবে এসএসসিকে। তারাই সুপারিশপত্র দেবে যোগ্য প্রার্থীদের। তার পর নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ।
প্রাথমিক ভাবে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা অনুযায়ী সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ছিল গত ১৫ জানুয়ারি। নবম-দশমের নথি যাচাইয়ের কথা ছিল ২৬ ডিসেম্বর। কিন্তু তা সম্ভব হয়নি।
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং-এর ডাক পেয়েছেন ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ৮২৯৯ জন। মোট শূন্য আসন ১২ হাজার ৪৪৫।