CBSE Result out 2026

সিবিএসই-র দশম শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কেমন! কী ভাবে দেখা যাবে ফলাফল?

সিবিএসই-র দেওয়া তথ্য অনুযায়ী, এ বার পরীক্ষার্থী ছিল ২৫ লক্ষ। খাতা দেখেছেন প্রায় ৭ লক্ষ শিক্ষক। ভারত এবং বিদেশের কেন্দ্র মিলিয়ে মোট ২৭ হাজার ৩৩৯টি স্কুলে পরীক্ষা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৭:৩৫
Share:

প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফল। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) প্রকাশ করল দশম শ্রেণির প্রথম পর্বের ফলাফল। বুধবার দুপুরে তালিকা প্রকাশ করা হয় সিবিএসই-র ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা সেখানেই রোল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফলাফল দেখতে পারবে।

Advertisement

সিবিএসই-র দেওয়া তথ্য অনুযায়ী, এ বার পরীক্ষার্থী ছিল ২৫ লক্ষ। খাতা দেখেছেন প্রায় ৭ লক্ষ শিক্ষক। ভারত এবং বিদেশের কেন্দ্র মিলিয়ে মোট ২৭ হাজার ৩৩৯টি স্কুলে পরীক্ষা হয়েছিল। দশম শ্রেণির প্রথম পর্বের পরীক্ষায় পাশের হার ৯৩.৭০ শতাংশ। ফলাফলের নিরিখে ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৯২.৬৯ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯৮.৯৯ শতাংশ। গত বছরের তুলনায় এই বছর পাশের হার ০.০৪ শতাংশ বেড়েছে। নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।

ফলাফল দেখা যাবে বেশ কয়েকটি পোর্টালের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইট—https://cbseresults.nic.in/ ছাড়াও উমঙ্গ অ্যাপ এবং ডিজি লকারের মাধ্যমেও ফল দেখা যাবে। ২০২৬-এ দশম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত। বুধবার সিবিএসই-র তরফে কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। মূলত, শিক্ষার্থীদের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। এমনকি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পড়ুয়ার নামও সিবিএসই-র তরফে প্রকাশ হবে না। দ্বিতীয় তথা চূড়ান্ত ফলপ্রকাশ করা হবে জুলাইয়ের পর। ওই পরীক্ষা নেওয়া হবে আগামী মে মাসে।

Advertisement

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে কয়েকটি দেশে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করেছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ওই কেন্দ্রগুলিতে ১৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সুষ্ঠু ভাবে পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়েছিল। ২ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে সিবিএসই-র যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছিল।

১৭ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে গণিত, ইংরেজি, বিজ্ঞানের মতো নানা বিষয়ের পরীক্ষার পাশাপাশি, ১৬টি দক্ষতানির্ভর বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। এর ভিত্তিতেই পরীক্ষার্থীদের মোট পাঁচটি বিভাগে ভাগ করে মূল্যায়ন করা হয়েছে।

Advertisement

দমদমের আদিত্য অ্যাকাডেমির প্রিন্সিপাল মেঘনা ঘোষাল জানিয়েছেন, ইন্টারিম রেজ়াল্ট হিসাবে প্রথম পর্বের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষার নম্বর নিয়ে যারা সন্তুষ্ট নয়, কিংবা আরও ভাল নম্বর পেতে চায়, তাদের দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement