DA for Teachers

শিক্ষক ও শিক্ষাকর্মীরা পাবেন বকেয়া মহার্ঘ! নবান্নে প্রয়োজনীয় তথ্য পাঠাচ্ছে স্কুলশিক্ষা দফতর

গত ১৩ মার্চ নবান্নের অর্থ দফতরের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল, সংশ্লিষ্ট দফতর থেকে স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৯:০৩
Share:

প্রতীকী ছবি।

কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করল স্কুলশিক্ষা দফতর।

Advertisement

বিকাশ ভবনের এক কর্তা জানান, গত ১৩ মার্চ নবান্নের অর্থ দফতরের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল সংশ্লিষ্ট দফতর স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। স্কুলশিক্ষা দফতর সেই ফাইল তৈরি করে নবান্নের অর্থ দফতরে পাঠালে ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এত দিন বিকাশ ভবন সেই প্রক্রিয়া শুরু করেছে কি না, তা স্পষ্ট না হওয়ায় ক্ষোভ বাড়ছিল শিক্ষকদের মধ্যে। শনিবার দফতরের এক কর্তা আনন্দবাজার ডট কম-এর প্রতিনিধিকে জানান, নবান্নের অর্থ দফতরে বিস্তারিত ভাবে তথ্য পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘১৩ মার্চ ওই নির্দেশিকা প্রকাশের পর থেকেই দাবি করে ছিলাম যে অর্থ দফতের ফাইল পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে স্কুলশিক্ষা দফতরকে। কিন্তু এতদিন সেটা হয়নি। অবশেষে দফতর সেই কাজ শুরু করেছে জেনে ভাল লাগছে। আশা করি দ্রুত এই সমস্যা মিটে যাবে।’’

Advertisement

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায় মেনে ৩১ মার্চের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা। আমরা ইতিমধ্যেই বিকাশ ভবনে স্মারকলিপি দিয়েছি। ওই নির্দিষ্ট দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা না পেলে আদালত অবমাননার দায়ে ফের সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করব।’’

সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মহার্ঘ ভাতা না পাওয়ায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন শিক্ষকেরা। গত ১৩ মার্চ সারা রাজ্যে মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। অবশেষে স্কুলশিক্ষা দফতর উদ্যোগী হওয়ায় সাময়িক স্বস্তি শিক্ষা মহলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement