CU campus clash

কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এসএফআই-টিএমসিপি-র, থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। সে দিন বালিগঞ্জ সায়েন্স কলেজে এসএফআই সদস্যেরা ক্যান্টিনে কিছু পোস্টার লাগিয়েছিলেন। কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদেই এই কর্মসূচি। তাঁদের অভিযোগ, প্রাথমিক ভাবে টিএমসিপির সদস্যেরা তাঁদের পোস্টার খুলে নিতে বলেন, চলে হুমকি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৫
Share:

প্রতীকী চিত্র।

কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের পোস্টার, না কি সরস্বতী পুজোর পুরনো পোস্টার, ক্যান্টিনের দেওয়াল দখল ঘিরে উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ ক্যাম্পাস। এসএফআই-টিএমসিপি সংঘর্ষে উঠল শ্লীলতাহানির অভিযোগ। শুক্রবার বিকেলের এই ঘটনায় গড়িয়াহাট থানায় তৃণমূল ছাত্র পরিষদের তিন সদস্যদের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। যদিও, ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকেছিল বলেও দাবি এসএফআই সদস্যদের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ।

Advertisement

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। সে দিন বালিগঞ্জ সায়েন্স কলেজে এসএফআই সদস্যেরা ক্যান্টিনে কিছু পোস্টার লাগিয়েছিলেন। কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদেই এই কর্মসূচি। তাঁদের অভিযোগ, প্রাথমিক ভাবে টিএমসিপির সদস্যেরা তাঁদের পোস্টার খুলে নিতে বলেন, চলে হুমকি।

সে দিনের বচসা গড়ায় পরের দিনও। এসএফআইয়ের অভিযোগ, শুক্রবার দুপুরে ক্যান্টিনে টিএমসিপি-র বেশ কিছু পড়ুয়া ও বহিরাগত এসে হামলা চালায়। সেখানে ছাত্রীরাও ছিলেন। তাঁদের শ্লীলতাহানি ঘটেছে। এই মর্মে কলেজের এক ছাত্রী গড়িয়াহাট থানায় অভিযোগ দায়েরও করেছেন। অভিযোগকারিণীর দাবি, “বেশ কয়েকজন টিএমসিপি সদস্য হঠাৎই ক্যান্টিনের মধ্যে ঢুকে পড়ে। জিজ্ঞাসা করে কেন পোস্টার লাগানো হচ্ছে? আমি সামনে থাকায় আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং অশালীন ভাবে স্পর্শ করে। আমার জামাও ছিঁড়ে যায়।” অভিযোগ দুই এসএফআই সদস্যকে মাটিতে ফেলে মারধর করা হয়েছে। এমনকি শিক্ষক-অধ্যাপকেরা মধ্যস্থতা করার চেষ্টা করলেও কাজ হয়নি।

Advertisement

যদিও টিএমসিপি সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কোনও ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করা হয়নি। বরং এসএফআইয়ের সদস্যেরাই তাঁদের লাগানো সরস্বতী পুজোর পোস্টার ছিঁড়ে দিয়েছে। তার প্রতিবাদ করাতেই হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিরূপ চক্রবর্তী বলেন, “মিথ্যা অভিযোগ দায়ের হয়েছে থানায়। বিধানসভা ভোটের আগে ক্যাম্পাসে অশান্তি তৈরির চেষ্টা করছে এসএফআই। সরস্বতী পুজোর ব্যানার ছিঁড়ে ফেলায় আমরা প্রতিবাদ জানিয়েছি।” তাঁর দাবি, টিএমসিপি-র তরফেও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement