প্রতীকী ছবি।
এ বার সরাসরি ভর্তি হওয়ার সুযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে আয়োজিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলরস ডিগ্রি এন্ট্রান্স টেস্ট (পিউবিডিইটি) এ বার হচ্ছে না। যদিও ছ’টি বিভাগের প্রবেশিকা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই মেধার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু গিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর থেকে স্বাধীন ভাবে বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে। সূত্রের খবর, গত বছর নানা কারণে পিউবিডিইটি-র ফল প্রকাশে খানিক দেরি হয়ে গিয়েছিল। যার ফলে পাঠ্যক্রম শেষ করতে সমস্যা হয়েছিল। তাই চলতি বছর থেকেই নিজেরাই প্রবেশিকা নেবে বলে জানা গিয়েছে।
যদিও প্রথম বছর স্বাধীন ভাবে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করছে বলে অর্থনীতি, জীবনবিজ্ঞান, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং রাশিবিজ্ঞান (স্ট্যাটিস্টিক) বিভাগেরই প্রবেশিকা হবে। বাকি বিভাগগুলিতে দশম ও দ্বাদশের নম্বরের ভিত্তিতে মেধাতালিকা অনুযায়ী ভর্তি নেওয়া হবে।
এই ছ’টি বিষয় ছাড়াও বাংলা, ইংরেজি, হিন্দি, দর্শন, সমাজবিদ্যা, পারফর্মিং আর্টস, বায়োটেকনোলজি, ভূগোল, জিয়োলজি, গণিত ও পদার্থবিদ্যা বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। বিভাগ অনুযায়ী আসন সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ মেনে চার বছরের স্নাতক কোর্সে ব্যাচেলর অফ আর্টস অথবা ব্যাচেলর অফ সায়েন্সে অনার্স উইথ রিসার্চ বা অনার্স যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। তিন বছর পড়লে ব্যাচেলর ডিগ্রি পাওয়া যাবে, দু’বছরে ডিপ্লোমা এবং এক বছর পড়লে সার্টিফিকেট এর যোগ্যতা অর্জন করা যাবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ১ জুন পর্যন্ত। প্রবেশিকা ছাড়া বাকি বিষয়ের মেধাতালিকা প্রকাশ করা হবে ৯ জুন। প্রবেশিকার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ৬ জুন। পরীক্ষা হবে ১২ থেকে ১৪ জুন। মেধাতালিকা প্রকাশ হতে পারে ২৪ জুন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই এই বিষয় বিস্তারিত জানা যাবে।