CBSE Class 12 Revaluation 2026

যান্ত্রিক ত্রুটি! সিবিএসই দ্বাদশ শ্রেণির উত্তরপত্রের প্রতিলিপি দেখা যাচ্ছে না, কী জানাল বোর্ড?

বোর্ডের তরফে জানানো হয়, সকল যোগ্য প্রার্থীই খাতা দেখার আবেদন করতে পারবেন। বিশেষ করে যে সকল পড়ুয়া নম্বর নিয়ে অভিযোগ জানাতে চান বা পুনর্মূল্যায়নের মাধ্যমে সমস্যার সমাধান চান তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৯:১৬
Share:

প্রতীকী ছবি।

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার খাতার প্রতিলিপি পাওয়ার জন্য আবেদনই করতে পারছেন না পরীক্ষার্থীরা, অভিযোগ এমনই। বোর্ডের তরফে দেওয়া ওয়েবসাইটটি খুলতেও সমস্যা হচ্ছে বলে দাবি।

Advertisement

অভিযোগের ভিত্তিতে পরিস্থিতি খতিয়ে দেখে সিবিএসই জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা কাজ করছেন। বুধবারের মধ্যেই সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়।

বোর্ডের তরফে জানানো হয়, সকল যোগ্য প্রার্থীই খাতা দেখার আবেদন করতে পারবেন। বিশেষ করে যে সকল পড়ুয়া নম্বর নিয়ে অভিযোগ জানাতে চান বা পুনর্মূল্যায়নের মাধ্যমে সমস্যার সমাধান চান তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

সিবিএসই দ্বাদশের খারাপ ফল এবং কম পাশের হার নিয়ে অসন্তোষ অব্যাহত। যার জেরে সম্প্রতি খাতার স্ক্যানড কপি হাতে পাওয়ার জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমাও বৃদ্ধি করা হয়েছিল বোর্ডের তরফে। আগে জানানো হয়েছিল ২২ মে পর্যন্ত খাতা দেখার আবেদন করা যাবে। পরে তা আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে ২৩ মে করা হয়েছে। পাশাপাশি বোর্ড আরও জানিয়েছে, যাঁরা নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে চান, তাঁরা ২৬ মে থেকে ২৯ মে ২০২৬-এর মধ্যে আবেদন করতে পারবেন।

পরীক্ষার্থীদের খাতা দেখানোর পরিষেবা বাবদ যে অর্থ নেওয়া হয়, তা কমিয়ে দেওয়ার পরে অনেক পরীক্ষার্থীই নিজের খাতা হাতে পাওয়ার জন্য আবেদন করেন সিবিএসই-র ওয়েবসাইটে। অভিযোগ, প্রচুর আবেদনের ভিড়ে সেই ওয়েবসাইটে নানা রকমের প্রযুক্তিগত গোলযোগ হচ্ছে। কারও রেজিস্ট্রেশন করাতেও অসুবিধা হয়েছে, কেউ লগ-ইন করতে পারেননি, আবার কারও ‘ভেরিফিকেশন অ্যান্ড স্ক্যানড কপি অ্যাপ্লিকেশন’ উইন্ডো খুলছে না। ফলে অনেকেই খাতা দেখার আবেদন করতে চেয়েও তা সম্পূর্ণ করতে পারেননি। বোর্ডের তরফে সমস্যা সমাধান হওয়ার আশ্বাস দিলেও আদৌ এত কম সময়ে সবটা ঠিক হবে কিনা তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে পড়ুয়াদের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement