আপেলের টক-ঝাল-মিষ্টি চাটনি। ছবি: সংগৃহীত।
খাওয়াদাওয়ার পর একটু মিষ্টিমুখ না করলেই নয়। এখন আমের মরসুম তাই রোজই বাড়িতে আমের চট, আমের টক কিংবা চাটনি হচ্ছে। তবে স্বাদবদল করতে আপেলের চাটনি বানালে কেমন হয়?
অনেক সময় বাড়িতে ফলের ঝুড়িতে আপেলগুলি পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। কিছু আপেলের স্বাদ আবার এতটাই টক হয়, যে কেউই খেতে চায় না। সেই আপেলগুলি ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন টক-ঝাল-মিষ্টি চাটনি।
কী ভাবে বানাবেন?
প্রথমে আপেলগুলি ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এ বার বীজ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিন। ইচ্ছে করলে আপেলগুলি গ্রেট করেও নিতে পারেন। এ বার কড়াইতে তেল গরম করে মৌরি আর কালোজিরে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বার হলে তাতে আদার কুচি দিয়ে দিন। এ বার কিছু ক্ষণ নাড়াচাড়া করে আপেলগুলি দিয়ে কড়াইয়ের ঢাকা বন্ধ করে দিন। মিনিট পাঁচেক পর দেখবেন আপেলগুলি একেবারে অন্য রকম হয়ে গিয়েছে। এ বার আপেলের সঙ্গে ভাল করে গুড় মিশিয়ে দিন। গোটা বিষয়টিতে আঠালো ভাল এসে গেলে একে একে মিশিয়ে দিন ভাজা মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিট নুন আর সাধারণ নুন। মশলা দিয়ে আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। শেষে লেবুর রস মিশিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। তৈরি হয়ে যাবে আপেলের চাটনি।