WBCHSE Workshop 2026

নিট, জয়েন্টের জন্য পড়ুয়াদের প্রশিক্ষণ! বিশেষ উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

গোটা মার্চ মাস জুড়েই রাজ্যের বিভিন্ন এলাকায় কর্মশালার আয়োজন করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এ রকম পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬
Share:

— প্রতীকী চিত্র।

ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বাংলা মাধ্যমের পড়ুয়ারা যেন পিছিয়ে না পড়ে, সে জন্য বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রের খবর, গোটা মার্চ মাস জুড়েই রাজ্যের বিভিন্ন এলাকায় কর্মশালার আয়োজন করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এ রকম পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞরা।

Advertisement

সূত্রের খবর, সর্বভারতীয় বিভিন্ন প্রবেশিকায় রাজ্যের সরকারি বাংলা মাধ্যমের পড়ুয়াদের সাফল্য তেমন আশাব্যঞ্জক নয়। এর মধ্যে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (নিট) অন্যতম। রাজ্যে যেখানে চিকিৎসক পড়ুয়ার ঘাটতি রয়েছে, সেখানে তাঁদের আরও বেশি দক্ষ করে তোলাই উদ্দেশ্য বলে জানান সংসদের এক কর্তা। সে কারণেই এই বিশেষ কর্মশালার উদ্যোগ। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানিয়েছে সংসদ।

প্রাথমিক ভাবে স্থির হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ছাড়াও হাওড়া, ব্যারাকপুর, হাবড়া, চুঁচুড়া এবং কৃষ্ণনগরে এই কর্মশালা হবে। এই কর্মশালার নাম দেওয়া হয়েছে ‘কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম’।

Advertisement

গ্রাফিক : আনন্দবাজার ডট কম ডেস্ক

জানা গিয়েছে, এ সব জেলার স্কুলগুলির সঙ্গে কথা হয়েছে সংসদের। যে স্কুলগুলির সঙ্গে কথা হয়েছে, সেখানে আশপাশের বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা যোগ দেবে কর্মশালায়। তবে আগ্রহী পড়ুয়াদের একটি তালিকা তৈরি করে দিতে হবে সংশ্লিষ্ট স্কুলকে। সংসদের বিদায়ী সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, উল্লিখিত এই সমস্ত জেলার কোনও বড় স্কুল কর্মশালার আয়োজন করা হবে। যাতে, অনেক পড়ুয়া একসঙ্গে বসতে পারবে। সে ক্ষেত্রে কোনও সরকারি প্রেক্ষাগৃহেও কর্মশালার আয়োজন করা হতে পারে। মূলত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এবং ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি কী ভাবে নিলে ভাল ফল হতে পারে, তার পরামর্শ দেওয়া হবে।

তবে এর মধ্যেই আচমকা সংসদ সভাপতির বদল করেছে সরকার। নতুন সভাপতি হিসাবে দায়িত্ব ভার নেবেন পার্থ কর্মকার। তা হলে এই কর্মশালার ভবিষ্যৎ কী?

বর্তমানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সহ সচিব পার্থ কর্মকার বলেন, “২ মার্চ দায়িত্ব নেব। তার পর এই বিষয়টি সম্পর্কে ভাল করে জেনেই সবটা জানাতে পারব।”

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল অবশ্য বলেন, “ভাল উদ্যোগ, তবে এর নেপথ্যে নির্বাচনে ফায়দা তোলার চেষ্টা আছে বলে আমার মনে হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement