WBJEE Counselling Schedule

রাজ্য জয়েন্ট উত্তীর্ণদের কাউন্সেলিং কবে? জানিয়ে দিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগমিনেশনস্‌ বোর্ড

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ডব্লুবিজেইই-২০২৬ অথবা জেইই (মেন)-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৈধ জেনারেল মেরিট র‍্যাঙ্ক বা অল ইন্ডিয়া র‍্যাঙ্ক পেয়েছেন, তারা এই কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৯:২৮
Share:

প্রতীকী ছবি।

১৮ জুন প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়া‌মিনেশনের ফল। রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্বনির্ভর (বেসরকারি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য সেন্ট্রালাইজ়ড কাউন্সেলিং প্রক্রিয়ার সময়সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগমিনেশনস্‌ বোর্ড (ডব্লুবিজেইইবি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জুন থেকে অনলাইনে এই ভর্তি প্রক্রিয়া ও রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে।

Advertisement

প্রথম রাউন্ডের সময়সূচি

অনলাইন রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং: যোগ্য পরীক্ষার্থীদের জন্য অনলাইন নাম নথিভুক্তকরণ, রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া এবং পছন্দের কলেজ ও চয়েস ফিলিং প্রক্রিয়া চলবে ৩০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষার্থীরা নিজেদের পছন্দ পরিবর্তন বা ‘‘লক’’ করতে পারবেন।

Advertisement

প্রথম রাউন্ডের ফলাফল: আগামী ৭ জুলাই, ২০২৬ তারিখে প্রথম রাউন্ডের আসন বণ্টনের ফলপ্রকাশ করা হবে।

ভর্তি ও নথিপত্র যাচাই: আসন পাওয়ার পর আসন গ্রহণ ফি জমা দিয়ে নির্দিষ্ট অ্যালট হওয়া কলেজে গিয়ে নথিপত্র যাচাইকরণ এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৭ জুলাই থেকে ১১ জুলাইয়ের মধ্যে।

দ্বিতীয় রাউন্ডের সময়সূচি

রেজিস্ট্রেশন ও ফলাফল: দ্বিতীয় রাউন্ডের জন্য নতুন করে রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং করা যাবে ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত। এই রাউন্ডের সিট অ্যালটমেন্টের ফলাফল প্রকাশিত হবে ২১ জুলাই।

ভর্তি ও নাম প্রত্যাহার: দ্বিতীয় রাউন্ডে নতুন আসন পাওয়া শিক্ষার্থীদের ফি জমা, নথিপত্র যাচাই ও ভর্তি প্রক্রিয়া চলবে ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত। কোনও শিক্ষার্থী চাইলে এই সময়ের মধ্যে নিজের আসন প্রত্যাহার করে নিতে পারবেন।

তৃতীয় রাউন্ডের সময়সূচি

চূড়ান্ত রাউন্ডের প্রক্রিয়া: তৃতীয় রাউন্ডের অনলাইন রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং চলবে ২৪ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত। এই রাউন্ডের আসন বণ্টনের ফলাফল প্রকাশ করা হবে ২৮ জুলাই। পরবর্তীতে ২৮ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ফি জমা দিয়ে সংশ্লিষ্ট কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভেরিফিকেশন ও ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে প্রার্থীদের।

অনলাইন রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষার্থীদের ৫০০ টাকা ফি জমা দিতে হবে, যা ফেরতযোগ্য নয়। পছন্দ মতো কলেজ ও বিষয় সাজানোর পর নির্ধারিত সময়ের মধ্যে চয়েস ‘লক’ করা বাধ্যতামূ’লক’। যদি কোনও পরীক্ষার্থী ‘লক’ করতে ভুলে যান, তবে শেষ ‘সেভ’ হওয়া পছন্দটি স্বয়ংক্রিয় ভাবে ‘লক’ হয়ে যাবে। কাউন্সেলিংয়ের যে কোনও রাউন্ডে প্রথমবার আসন বা সিট বরাদ্দ হলে, পরীক্ষার্থীকে ৫,০০০ টাকা ‘সিট অ্যাকসেপ্টেন্স ফি’ দিয়ে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। আসন পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে নথিপত্র যাচাই করানো বাধ্যতামূলক। সফল যাচাইকরণের পর পরীক্ষার্থীদের পোর্টালে গিয়ে ‘হ্যা’ অথবা ‘না’ বিকল্প বেছে নিতে হবে ।

বোর্ডের পক্ষ থেকে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে, রেজিস্ট্রেশনের সময় কোনও ভুল তথ্য দিলে বা নির্ধারিত সময়ে নথিপত্র যাচাই না করালে আসন বাতিল হয়ে যেতে পারে । সেন্ট্রালাইজ়ড কাউন্সেলিং প্রক্রিয়াটি শেষ হওয়ার পর যদি কোনও প্রতিষ্ঠানে আসন খালি থাকে, তবে নিয়মানুযায়ী পরবর্তীতে অনলাইন মোডে ডিসেন্ট্রালাইজ়ড কাউন্সেলিং পরিচালনা করা হতে পারে।

তবে বিশেষ কারণে এই সময়সূচি পরিবর্তন করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ডব্লুবিজেইই-২০২৬ অথবা জেইই (মেন)-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৈধ জেনারেল মেরিট র‍্যাঙ্ক বা অল ইন্ডিয়া র‍্যাঙ্ক পেয়েছেন, তারা এই কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। সমগ্র কাউন্সেলিং প্রক্রিয়াটি মোট তিনটি রাউন্ডেই সম্পন্ন করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement