গ্রাফিক: আনন্দবাজার ডট কম
নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশনের শেষ সুযোগ দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। যে সব ছাত্রছাত্রী ২০২৫ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি, তাদের জন্য ফের পোর্টাল চালু করতে চলেছে পর্ষদ।
পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২৫ ফেব্রুয়ারি সকাল ১১ থেকে ৭ মার্চ বিকেল চারটে পর্যন্ত ছাত্র-ছাত্রীরা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। যে হেতু এই প্রক্রিয়া নির্দিষ্ট সময় পার হওয়ার পর হচ্ছে, তাই ছাত্র পিছু জরিমানা দিতে হবে স্কুলগুলিকে। পর্ষদের ব্যাখ্যা, ছাত্র-ছাত্রী শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সেই স্বার্থেই তৃতীয় এবং শেষ বারের জন্য পোর্টাল খোলার সিদ্ধান্ত হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি কোনও ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন না করে, তবে তার দায় সম্পূর্ণ ভাবে স্কুল কর্তৃপক্ষের। এর আগে গতবছর দু’টি পর্যায়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য পোর্টাল খুলেছিল পর্ষদ অগস্ট ও সেপ্টেম্বর মাসে। সেই সময় প্রায় ৯,৩৩৫টি স্কুল এই প্রক্রিয়ায় করেছিল। তার পরেও বেশ কিছু পড়ুয়ার রেজিস্ট্রেশন অসম্পূর্ণ রয়ে গিয়েছে বলে জানাচ্ছে পর্ষদ।