WB Elections 2026

আর জি করের বিচার দেবে ধর্ষকদের মালা পরানো দল? প্রশ্ন অভিষেকের

রবিবার পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে আর জি করের নির্যাতিতার বাড়ির সামনের রাস্তা দিয়ে রোড-শো করেন অভিষেক। ওই বাড়ির সামনে ছিল কেন্দ্রীয় বাহিনীর পাহারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৮:৫৩
Share:

প্রচার: পানিহাটিতে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রবিবার। ছবি: সুদীপ ঘোষ।

মৃত্যু নিয়ে রাজনীতি করে পানিহাটির মাটিকে কলুষিত করার অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, পানিহাটির বিজেপি প্রার্থী তথা আর জি করের নির্যাতিতার মাকে অনুরোধ করেন অভিষেক, যাতে তিনি অপরাজিতা বিল নিয়ে প্রধানমন্ত্রীকে আবেদন করেন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে।

রবিবার পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে আর জি করের নির্যাতিতার বাড়ির সামনের রাস্তা দিয়ে রোড-শো করেন অভিষেক। ওই বাড়ির সামনে ছিল কেন্দ্রীয় বাহিনীর পাহারা। নাটাগড়ের উকিল বাড়ি মোড় থেকে শুরু করে এইচ বি টাউন মোড়ে এসে মিছিল শেষে বক্তব্যে নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি প্রার্থীকে মাতৃসমা বলে সম্বোধন করে অভিষেক বলেন, ‘‘কেউ শালীনতার বাইরে গিয়ে ওই ভদ্রমহিলাকে বা বিজেপির প্রার্থীকে আক্রমণ করবেন না। কোনও খারাপ শব্দ ব্যবহার করবেন না।’’ দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি করেছিলেন নির্যাতিতার মা। পরে পানিহাটিতে জনসভায় এসে বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে সৌজন্য বজায় রাখার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীও।

অভিষেক আরও বলেন, ‘‘উনি সন্তানকে হারিয়েছেন। মানুষ দুঃখে-কষ্টে চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেন।’’ পরে নির্যাতিতার মা পাল্টা বলেন, ‘‘মেয়ের মৃত্যু কেন হল, সেই উত্তর উনি আগে দিন। তার পরে ওঁর সঙ্গে বাকি কথা বলব।’’ তিনি আরও বলেন, ‘‘ওঁর পিসির নির্দেশেই তো পুলিশকর্তারা তথ্য-প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন।’’ অভিষেক এ দিন জানান, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ধৃত সঞ্জয় রায়কে সিবিআই আজও শাস্তি দিতে পারল না। নির্যাতিতার মায়ের উত্তর, ‘‘সঞ্জয় একা দোষী এটা এখনও প্রমাণিত হয়নি। যে তথ্য প্রমাণে সঞ্জয় জেলে, তাতে আরও অনেকের জেলে থাকার কথা।’’

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘অপরাজিতা বিল’ আনা ও রাজ্যপালের মাধ্যমে সেটি রাষ্ট্রপতিকে পাঠানোর কথা তুলে ধরেন অভিষেক। আগামী ২৪ এপ্রিল পানিহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। সেই প্রেক্ষিতে নির্যাতিতার মায়ের উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘‘যদি সত্যিই চান এমন ঘটনা বাংলা বা দেশে না ঘটে, তা হলে দয়া করে প্রধানমন্ত্রীকে সভামঞ্চে বলবেন, যাতে তিনি রাষ্ট্রপতিকে সম্মতি দিতে বলেন ও অপরাজিতা বিল পাশ হয়।’’ নির্যাতিতার মা বলেন, ‘‘ওই বিল অকার্যকর। আমার মেয়ের ঘটনায় যেমন তথ্য প্রমাণ লোপাট হয়েছে, ওই বিলে সেই সম্পর্কিত কোনও কথা নেই। তা হলে প্রধানমন্ত্রীকে কেন বলব?’’

আর জি করের ঘটনার প্রতিবাদে মহিলাদের রাত দখল, লড়াইকে তিনিও সমর্থন করেছিলেন বলে জানিয়ে অভিষেক বলেন, ‘‘সাধারণ মানুষের দাবি ছিল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিজেপির দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কোনও দিনই বিজেপি দোষীদের শাস্তি চায়নি।’’ ওই ঘটনা নিয়ে বিজেপির রাজনীতির জবাব পানিহাটির মানুষ দেবেন বলে দাবি করেন অভিষেক। ভিন্ রাজ্যে যারা ধর্ষকদের মালা পরায়, সেই বিজেপি কী ভাবে আর জি করের বিচার দেবে, প্রশ্ন তোলেন অভিষেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন