Manirul Islam

মমতার হুঁশিয়ারিতে মনোনয়ন প্রত্যাহার বিদায়ী বিধায়ক মনিরুলের, জানালেন, নেত্রীর ঠিক করা প্রার্থীর প্রচারে যাবেন!

সোমবার মনিরুল ইসলাম জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কথা মেনে’ আলাদা করে আর নির্বাচনী লড়াই করবেন না তিনি। নেত্রীর ঠিক করা ফরাক্কার প্রার্থী আমিরুলের হয়ে ভোটপ্রচারে নামবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৪:৩০
Share:

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। মনিরুল ইসলাম (ডান দিকে)। —ফাইল চিত্র।

দলনেত্রী বহিষ্কারের হুঁশিয়ারি দিতেই মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মুর্শিদাবাদের ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। টিকিট না-পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু রবিবার মুর্শিদাবাদের সভা থেকে মমতার সাবধানবাণীতে পিছু হটলেন বিদায়ী বিধায়ক।

Advertisement

এ বার ফরাক্কা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে আমিরুল ইসলামকে। তাতে ক্ষুব্ধ হয়ে মনিরুল নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। ফরাক্কা থেকে কংগ্রেস প্রার্থী মহতাব শেখের এসআইআর-জটে মনোনয়ন অনিশ্চিত হয়ে পড়ায় মনিরুল তাঁর বদলে কংগ্রেসের প্রার্থী হবেন বলেও জানিয়েছিলেন। যদিও রবিবার মহতাবের নথি-জট কেটে গিয়েছে। কিন্তু ভোটে লড়তে মরিয়া মনিরুল জানান, তিনি নির্দল হয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু শমসেরগঞ্জের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, ‘‘ফরাক্কার বিধায়ককে বলছি, শুনেছি তিনি মনোনয়ন জমা দিয়েছেন। টিকিট না পেয়ে... আমি তাঁকে বলছি প্রত্যাহার করে নিতে (মনোনয়ন)। না করলে আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সাংসদ খলিলুর রহমানকে বলছি, দল থেকে তাঁকে বহিষ্কার করতে।”

এর পর সোমবার মনিরুল জানালেন, মমতার ‘কথা মেনে’ আলাদা করে আর নির্বাচনী লড়াই করবেন না তিনি। নেত্রীর ঠিক করা ফরাক্কার প্রার্থী আমিরুলের হয়ে ভোটপ্রচারে নামবেন। বিদায়ী বিধায়কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁরা বলছেন, সামান্য মনোমালিন্য হয়েছিল। মিটে গিয়েছে। সকলে মিলে একসঙ্গে ভোট জেতার লক্ষ্যে নামবেন।

Advertisement

মনিরুল জানিয়েছেন, তিনি দলনেত্রীর আদর্শের বাইরে গিয়ে কিছু করতে চান না। সব বিভেদ ভুলে ফরাক্কায় জোড়াফুলের বৈতরণী পার করাই এখন তাঁর লক্ষ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement