—প্রতীকী চিত্র।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রৌঢ়ের। পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নাম না থাকায় চিন্তিত হয়ে পড়েছিলেন পরিবারের তিনি। রবিবার মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা এলাকার ঘটনা।
বড়ঞা থানা এলাকার বাসিন্দা জালালউদ্দিন শেখের (৫০) নাম ছিল না ভোটার তালিকায়। পরিবারের দাবি, জালালউদ্দিন-সহ পরিবারের তিন সদস্যের নাম বাদ গিয়েছিল। সেই কারণেই বেশ কয়েক দিন ধরেই মানসিক চাপে ছিলেন জালালউদ্দিন। প্রতিবেশীদের একাংশের দাবি, তালিকা থেকে নাম বাদ যাওয়ায় নাগরিকত্ব হারানো ও ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয় পেয়েছিলেন তিনি। তার ফলেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যের অভিযোগ, মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশনের গাফিলতিই দায়ী। নাম বাদ যাওয়ার পরে প্রশাসনের তরফে সঠিক দিশা না পাওয়া ও আশপাশের ভীতিমূলক আলোচনাই জালালউদ্দিনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। জালালউদ্দিনের মৃত্যুর পরে তাঁর পরিবার উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে।
এই মৃত্যু প্রসঙ্গে অবশ্য জেলা প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।